খাল পুনঃখননের মাধ্যমে অবৈধ দখল উচ্ছেদ করা হবে: পানিসম্পদ মন্ত্রী

খাল পুনঃখননের মাধ্যমে অবৈধ দখল উচ্ছেদ করা হবে: পানিসম্পদ মন্ত্রী বৃহস্পতিবার চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:১৩, ৮ মে ২০২৬

সারাদেশে খাল পুনঃখননের মাধ্যমে অবৈধভাবে দখলকৃত স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো খাল পুনঃখনন কর্মসূচি। জনস্বার্থে এই উদ্যোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি জানান, কিছু ক্ষেত্রে অবৈধ দখল উচ্ছেদে আইনি জটিলতা দেখা দিতে পারে, তবে জেলা ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে তা সমাধান করা হবে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশের সব খাল এখনও তাদের নিজস্ব অবস্থানেই রয়েছে। কেউ অবৈধভাবে দখল করলে আইন অনুযায়ী তা সরিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য একটি নতুন আঙ্গিকে উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সবার সহযোগিতা প্রয়োজন।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে একটি আন্দোলন শুরু করেছিলেন, যা পরবর্তীতে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশব্যাপী খাল পুনঃখনন কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে খাল খনন কার্যক্রম বন্ধ থাকায় অনেক জায়গায় অবৈধ দখল ও বর্জ্য জমেছে, যা এখন অপসারণ করা হচ্ছে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement