হাওরাঞ্চলের টেকসই উন্নয়নে ৫ বছর মেয়াদি সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে

হাওরাঞ্চলের টেকসই উন্নয়নে ৫ বছর মেয়াদি সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:১৫, ৯ মে ২০২৬

হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য রক্ষায় ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদি সমন্বিত কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

আজ সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. তিতুমীর বলেন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নদী দখল, পলি জমে পানি নিষ্কাশন ব্যাহত হওয়া, জীববৈচিত্র্যের ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওরাঞ্চলের সংকট দিন দিন গভীর হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় সরকার সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

তিনি বলেন, “আমরা শুধু মানবিক সহায়তা নয়, হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চাই। কৃষি, পরিবেশ, পানি ব্যবস্থাপনা ও মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হবে।”

অর্থ উপদেষ্টা জানান, সাম্প্রতিক অকাল বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকার পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তিন মাসের সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শুধু ত্রাণ নয়, নদী ও খাল খনন, পানি প্রবাহ নিশ্চিত করা, জলমগ্ন সড়ক নির্মাণ, হাওর উপযোগী ধানের জাত উদ্ভাবন, কৃষিযন্ত্র সরবরাহ এবং শ্রমিক সংকট নিরসনের বিষয়গুলোও সমন্বিত পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে।

হাওরাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্বারোপ করে ড. তিতুমীর বলেন, অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে দেশীয় মাছ ও পরিযায়ী পাখির সংখ্যা কমে যাচ্ছে, যা পরিবেশের জন্য উদ্বেগজনক।

তিনি বলেন, টাঙ্গুয়ার হাওর আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট হলেও অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণে এর বাস্তুতন্ত্র ঝুঁকির মুখে পড়েছে।

সভায় সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement