রোহিঙ্গা শিশুদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী

রোহিঙ্গা শিশুদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন লার্নিং সেন্টার পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১৫, ১১ মে ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, রোহিঙ্গা শিশুদের জন্য নিরাপদ, মানবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, কোনো শিশুই যেন শিক্ষার বাইরে না থাকে, সে লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী সংস্থা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

রোববার কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন শিক্ষাকেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষাজীবনের অভিজ্ঞতার কথা শোনেন।

তিনি বলেন, প্রতিটি শিশুরই স্বপ্ন দেখার অধিকার রয়েছে। মানবিক সংকটের মধ্যেও শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি একটি প্রজন্মকে সহিংসতা, হতাশা ও অনিশ্চিত ভবিষ্যৎ থেকে দূরে রাখার কার্যকর উপায়।

তিনি আরও বলেন, শিক্ষার মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠে, যা ভবিষ্যতে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষাকেন্দ্রগুলোতে মিয়ানমারের পাঠ্যক্রম অনুসরণ করে মিয়ানমার ভাষা, ইংরেজি, গণিত, ভূগোল, ইতিহাস ও বিজ্ঞান—এই ছয়টি বিষয়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ইউনিসেফ ও ব্র্যাক পরিচালিত তিনটি শিক্ষাকেন্দ্র ঘুরে দেখেন। এ সময় শিক্ষকেরা পাঠদান কার্যক্রম পরিচালনায় অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষাসামগ্রীর ঘাটতি, প্রশিক্ষণের অভাবসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

পরে প্রতিমন্ত্রী রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় ইউনিসেফের শিক্ষা বিভাগের প্রধান দীপা সরকার, শিক্ষা ব্যবস্থাপক লুইজ লিক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং ব্র্যাকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement