তরুণদের কর্মসংস্থানে ব্যাপক শিল্পায়ন প্রয়োজন : আসাদুল হাবিব দুলু
Published : ০১:৫৭, ১২ মে ২০২৬
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করতে শুধু সরকারি বা বেসরকারি চাকরির ওপর নির্ভর করলে চলবে না, এর জন্য প্রয়োজন ব্যাপক শিল্পায়ন।
তিনি বলেন, শিল্পায়নের মাধ্যমে যেমন তরুণদের জন্য নতুন আয়ের সুযোগ সৃষ্টি হবে, তেমনি দেশও টেকসই উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাবে।
আজ সোমবার লালমনিরহাট স্টেডিয়াম-এ দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল আয়োজিত চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, লালমনিরহাট জেলার মাটি অত্যন্ত উর্বর এবং এ অঞ্চলে ধান, ভুট্টা ও আলুর ব্যাপক উৎপাদন হয়। তাই এখানে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের বিপুল সম্ভাবনা রয়েছে।
তিনি এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে অঞ্চলে বিনিয়োগ বাড়ানোর জন্য দেশের শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় আয়োজিত এই চাকরি মেলার মাধ্যমে জেলার প্রায় এক হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাশেদুল হক প্রধান এবং এ কে এম মমিনুল হক।

































