আওয়ামী লীগ শুধু বিতাড়িত হয়নি, রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে : ভূমি প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ শুধু বিতাড়িত হয়নি, রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে : ভূমি প্রতিমন্ত্রী

Published : ০২:৪৭, ১৭ মে ২০২৬

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ শুধু বিতাড়িতই হয়নি, বরং বাংলাদেশের রাজনীতিতে দেউলিয়ায় পরিণত হয়েছে।

আজ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী হাজি ক্যাম্প এলাকায় মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাহাড়তলী, খুলশী, আকবর শাহ, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, “চট্টগ্রামে একটি জানাজাকে কেন্দ্র করে কিছু মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিজেদের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করেছে। কিন্তু এর মাধ্যমে তারা শুধু এটিই প্রমাণ করেছে যে, তারা রাজনীতিতে দেউলিয়ায় পরিণত হয়েছে।”

তিনি আরও বলেন, তারেক রহমান একজন মানবিক নেতা এবং বিএনপি একটি সহনশীল রাজনৈতিক দল। বিএনপি রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং জনগণের আস্থা ও জনপ্রিয়তা অর্জনের রাজনীতিতে বিশ্বাস করে।

মীর হেলাল বলেন, “আমরা চাই না রাজনৈতিক দেউলিয়াত্ব বাংলাদেশে টিকে থাকুক। বিএনপি কখনো সেই পথে হাঁটবে না। আমরা জনগণের সমর্থন আরও শক্তিশালী করতে এবং দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে সম্মিলিতভাবে কাজ করে যাবো।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন এবং সঞ্চালনা করেন মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

শেয়ার করুনঃ
Advertisement