রাজনীতির নামে বিভ্রান্তি ছড়ানো হলে শক্ত হাতে প্রতিহত করা হবে : প্রধানমন্ত্রী

রাজনীতির নামে বিভ্রান্তি ছড়ানো হলে শক্ত হাতে প্রতিহত করা হবে : প্রধানমন্ত্রী চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:২২, ১৮ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। “বিএনপির রাজনীতি মানে খাল খনন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন মিল-কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মানুষের নিরাপত্তা প্রদান,” বলেন তিনি।

তিনি উপস্থিত জনসাধারণকে উদ্দেশ করে বলেন, “রাজনীতির নামে কেউ যদি বিভ্রান্তি বা অরাজকতা সৃষ্টি করতে চায়, আমরা কেউ বসে থাকবো না। শক্ত হাতে তা প্রতিহত করা হবে।”

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে চাঁদপুর ছাড়াও আরও ২০টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত এবং পরে দলীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে ১০ জন নারী— হাসিনা খাতুন, সোহাগী আখতার, ফাতেমা খাতুন, আমেনা খাতুন, মোসেদা বেগম, মনোয়ারা বেগম, মাহমুদা খাতুন, রুমা আখতার, নাজমা বেগম ও তাসলিমার হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী।

পরে ল্যাপটপের বাটন চাপার মাধ্যমে চাঁদপুরসহ ২০ জেলার ১৫ হাজার নারী সুবিধাভোগীর প্রত্যেকের কাছে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা পৌঁছে যায়।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির প্রতিটি কর্মসূচির লক্ষ্য খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়ন। “এই লক্ষ্যেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হটানো হয়েছে। এখন দেশের মানুষ নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়েছে, আর এখন সময় মানুষের ভাগ্য পরিবর্তনের,” বলেন তিনি।

তিনি সবাইকে দেশ গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “এখন সময় কাজ করার, এখন সময় দেশ গড়ার। আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই— ‘করবো কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’”

প্রধানমন্ত্রী চাঁদপুরে একটি ইপিজেড ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবির প্রতিও ইতিবাচক সমর্থন জানান।

তিনি বলেন, দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। “আমরা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, জনগণ তার পক্ষে রায় দিয়েছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি,” বলেন প্রধানমন্ত্রী।

ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানটি হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন–এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী এএনএম এহছানুল হক মিলন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য জালাল আহমেদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদ বেগম হীরা, জেলা পরিষদ প্রশাসক সলিম উল্যা সেলিম এবং সমাজকল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউসুফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ–এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ জেলা নেতৃবৃন্দ।
 

শেয়ার করুনঃ
Advertisement