পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণে উদ্যোগ নেবে বিএনপি সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
Published : ০২:১১, ২১ মে ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকারই পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেবে। তিনি জানান, দেশের পানি সংকট, কৃষি সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।
বুধবার গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমি পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি সরকারই পদ্মা ব্যারাজের কাজে হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারাজেও হাত দেবে। দেশের মানুষের জন্য যেসব বড় উন্নয়ন উদ্যোগ প্রয়োজন, বিএনপিই সেগুলো বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতেও করবে।”
তিনি জানান, ভারতের ফারাক্কা বাঁধের কারণে দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, যা সুন্দরবনসহ উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় পদ্মা ব্যারাজ নির্মাণের মাধ্যমে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে খরা মৌসুমে কৃষিতে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে এবং অনিয়ন্ত্রিত নগরায়ণের ফলে সবুজ পরিবেশ ধ্বংস হচ্ছে। তিনি খাল খনন কর্মসূচির ওপর গুরুত্বারোপ করে বলেন, এটি কৃষি, পরিবেশ ও মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
তিনি আরও বলেন, সরকার দুর্যোগ মোকাবিলায় গবেষণা, প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে। নতুন গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটটি ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন, ভূমিকম্প, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

































