কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
Published : ০৪:০৫, ২৭ মে ২০২৬
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পবিত্র ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ঈদের সময় পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে রাস্তাঘাটে দুর্গন্ধ ছড়ানো বা জনভোগান্তির সৃষ্টি না হয়।
আজ দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মোট ৪ হাজার ৭৩৭টি পরিবারের মধ্যে ঈদ উদযাপনের প্রয়োজনীয় বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এ উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর এমন ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয় এবং এটি অন্যদের জন্যও অনুকরণীয় হতে পারে।
ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে খাল খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ফলে জলাবদ্ধতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
তিনি বলেন, অতীতে ঢাকা ও ময়মনসিংহসহ বিভিন্ন শহরে সামান্য বৃষ্টিতেই সড়ক ডুবে যেত। তবে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের কারণে বর্তমানে প্রায় ৬০ শতাংশ এলাকায় জলাবদ্ধতা কমে এসেছে।
প্রতিমন্ত্রী বিএনপির নির্বাচনী অঙ্গীকারের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে।
তিনি জানান, গত ১৬ মে ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। খুব শিগগিরই জেলার সব উপজেলায় এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে ঈদের পর কৃষক কার্ড বিতরণ কার্যক্রমও শুরু হবে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজীম উদ্দিন, প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা সীতেষ চন্দ্র সরকার এবং নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস।

































