টাঙ্গাইলে সেতুতে রডের বদলে বাঁশ: এলজিইডির কার্যসহকারী হাসমত বরখাস্ত

টাঙ্গাইলে সেতুতে রডের বদলে বাঁশ: এলজিইডির কার্যসহকারী হাসমত বরখাস্ত ছবি: সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি

Published : ১৭:৫১, ২৪ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্লাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যসহকারী হাসমত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, নির্ধারিত মানসম্মত নির্মাণসামগ্রীর পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে হাসমত আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চাকরিবিধি অনুযায়ী সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, বরখাস্তকালীন সময়ে তিনি খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

এলজিইডি সূত্রে জানা গেছে, গ্রামীণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর ৯০ দশমিক ০৬ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ চলছে। প্রায় ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটির কাজ করছে যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুছ আল মামুন ও মেসার্স জাকির এন্টারপ্রাইজ।

২০২২ সালের সেপ্টেম্বরে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় পরবর্তীতে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। বর্তমানে সেতুটির নির্মাণকাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে এলজিইডি সূত্র জানিয়েছে।

সম্প্রতি সেতুর ফুটপাতের স্লাব ঢালাইয়ের সময় রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। গত রোববার রাতে এলাকাবাসী নির্মাণকাজে বাধা দেন এবং ঘটনাটির ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

ঘটনার পর উপজেলা প্রশাসন ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে নির্মাণাধীন সেতুটি পরিদর্শন করেন।

পরবর্তীতে সংশ্লিষ্ট কার্যসহকারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হিসেবে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
 

শেয়ার করুনঃ
Advertisement