মরিয়ম খাতুনের মৃত্যু: এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

মরিয়ম খাতুনের মৃত্যু: এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০৯, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় দ্বিতীয় দফায় আরও চার দিনের রিমান্ডে নিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন গাজী নজরুলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় তার বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেওয়া হয়।

২১ সেপ্টেম্বর আদালতে হাজির করা হলে গাজী নজরুলের চার দিনের এবং মাকছুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। প্রথম দফার রিমান্ড শেষে বৃহস্পতিবার গাজী নজরুলকে আদালতে হাজির করে আবারও সাত দিনের রিমান্ড আবেদন করে ডিবি।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, প্রথম দফার জিজ্ঞাসাবাদে মামলার তদন্তসংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এ কারণে পুনরায় রিমান্ড চাওয়া হয়। আদালত আবেদনটি শুনে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, একই মামলার অপর আসামি ওবায়দুর রহমানকে ২৩ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  

শেয়ার করুনঃ
Advertisement