ভারতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯
Published : ১১:০৭, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার পর্যটকবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে নয়ডা থেকে মহোবার উদ্দেশ্যে যাত্রা করা বাসটিতে আগুন লাগে। দুর্ঘটনার সময় বাসে ৩৪ জনের বেশি যাত্রী ছিলেন এবং তাদের অধিকাংশই ঘুমিয়ে ছিলেন।
আগুন ছড়িয়ে পড়তে দেখে আতঙ্কিত অনেক যাত্রী জানালা দিয়ে লাফিয়ে বাস থেকে বের হওয়ার চেষ্টা করেন। এতে ঘটনাস্থলে তৈরি হয় তীব্র বিশৃঙ্খলা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও জেওয়ার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে কী কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজের পাশাপাশি আগুন লাগার কারণ খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

































