এলপিজির দাম নিয়ে ২৯ অক্টোবর গণশুনানি, ধর্মঘট প্রত্যাহার ব্যবসায়ীদের
Published : ১৭:২৭, ১৪ অক্টোবর ২০২৬
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ নিয়ে আগামী ২৯ অক্টোবর গণশুনানি অনুষ্ঠিত হবে। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজির দোকান বন্ধ রাখার ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা।
বুধবার (১৪ অক্টোবর) ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন এলপিজি ব্যবসায়ীরা।
এর আগে গত ১২ অক্টোবর ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে সব এলপিজির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন তাঁরা।
বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
গণশুনানির তারিখ নির্ধারণের পর ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণায় ১৫ ও ১৬ অক্টোবর এলপিজির দোকান বন্ধ থাকার আশঙ্কা আপাতত দূর হয়েছে।































