ফ্যামিলি কার্ডের লোভে বিয়ে, ভবিষ্যতে যেন এমন না হয়: এমপি সরোয়ার
Published : ১৩:৩৮, ১১ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড পাওয়ার প্রলোভন দেখিয়ে বিয়ে করার ঘটনা উল্লেখ করে ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
শনিবার (১০ অক্টোবর) ফটিকছড়ি উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাঠপর্যায়ের সুপারভাইজার ও কর্মীদের নিয়ে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সরোয়ার আলমগীর বলেন, “একটি গোষ্ঠীর লোক ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিয়ে করেছিল। ভবিষ্যতে যেন এ রকম আর না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।”
তিনি আরও বলেন, ৩১ দফার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশ পুনর্গঠনে কাজ করছে। প্রতিটি অসহায় পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এ সময় সমৃদ্ধ ফটিকছড়ি গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য্য। কর্মশালায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাঠপর্যায়ের সুপারভাইজার ও কর্মীরা অংশ নেন।

































