নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ
Published : ১৯:১৯, ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিদেশের মাটিতে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঘটে যাওয়া এ ঘটনায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা একদল ব্যক্তি জড়িত ছিলেন বলে মনে করছে সরকার।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করতে নিউইয়র্কে বাংলাদেশের মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও দেশের নাগরিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তবে ঘটনার বিষয়ে তদন্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য বিবৃতিতে জানানো হয়নি।






























