বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ইমরান হাশমি!
Published : ১৭:৩৫, ১৪ অক্টোবর ২০২৬
নতুন ছবি ‘গানমাস্টার জি৯’-এর শুটিং করতে গিয়ে অল্পের জন্য বড় বিপদের মুখ থেকে রক্ষা পেলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ছবির একটি বিপজ্জনক দৃশ্যের শুটিংয়ের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ক্রেনের সাহায্যে শূন্যে ঝুলিয়ে রাখা একটি গাড়ি হঠাৎ নিচে পড়ে যায়। এরপর সেটি নিচে রাখা একটি কালো ভ্যানের ছাদে আছড়ে পড়ে। বিপজ্জনক বিষয় হলো, ওই ভ্যানটির খুব কাছেই দাঁড়িয়ে ছিলেন ইমরান। গাড়িটি অভিনেতার খুব কাছাকাছি চলে এসেছিল বলে জানা গেছে।
তবে এখন পর্যন্ত এ ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দৃশ্যটি পরিকল্পনা অনুযায়ী ধারণ করা হচ্ছিল, নাকি শুটিংয়ের সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, সে বিষয়ে ছবির নির্মাতারা এখনো কিছু জানাননি। শুটিংয়ের স্থান সম্পর্কেও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত জুনেও ‘গানমাস্টার জি৯’-এর শুটিং ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। হরিদ্বারে শুটিং চলাকালে স্থানীয় বাসিন্দাদের একাংশ আপত্তি জানান। শুটিংয়ের স্থানে ‘বার অ্যান্ড ক্যাফে’ লেখা একটি সাইনবোর্ড দেখে অনেকে সেখানে সত্যিই পানশালা খোলা হচ্ছে বলে ধারণা করেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে একপর্যায়ে শুটিং বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়।
পরে ছবির প্রযোজক দীপক মুকুট জানান, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনো উদ্দেশ্য তাঁদের ছিল না। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হয় বলেও জানান তিনি। অভিযোগে বিস্ময় প্রকাশ করে দীপক বলেন, তিনি নিজেও হিন্দু ধর্মাবলম্বী এবং হরিদ্বারে পানশালা খোলার কথা কখনো ভাববেন না।
আদিত্য দত্ত পরিচালিত অ্যাকশনধর্মী প্রেমের ছবি ‘গানমাস্টার জি৯’-এ ইমরান হাশমির পাশাপাশি অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ, অপারশক্তি খুরানা ও অভিষেক সিংহ। আগামী ২৭ নভেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


































