আট বিভাগীয় সদরে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আট বিভাগীয় সদরে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১৬, ১৪ অক্টোবর ২০২৬

সাইবার অপরাধ শনাক্ত, ডিজিটাল আলামত বিশ্লেষণ এবং অপরাধ তদন্তের সক্ষমতা বাড়াতে দেশের আটটি বিভাগীয় সদরে শিগগিরই ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম মহানগরের দামপাড়া পুলিশ লাইন্সে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ কেন্দ্র ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন ভবন ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার স্থাপনে দক্ষিণ কোরিয়া সরকার এবং দেশটির আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকা (KOICA) সহায়তা দিয়েছে। এ জন্য দক্ষিণ কোরিয়ার সরকার, দেশটির রাষ্ট্রদূত, কোইকার প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ সাইবার ইউনিট গঠনের পরিকল্পনা শুরু থেকেই ছিল। গত ১ অক্টোবর থেকে অতিরিক্ত আইজিপির নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে এ ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে।

নতুন ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারটি সিআইডির নেতৃত্বে পরিচালিত হবে। ডিজিটাল আলামত বিশ্লেষণ ও পরীক্ষার ক্ষেত্রে পুলিশের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় রাখা হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সাইবারস্পেস ব্যবহার করে প্রতারণা, আর্থিক অপরাধ এবং শেয়ারবাজারে কারসাজিসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধ ও তদন্তের জন্য আধুনিক ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার অপরিহার্য।

তিনি আরও জানান, সাইবার পুলিশ ইউনিটের নেতৃত্বে কেন্দ্রীয় পর্যায় থেকে বিভাগ, জেলা ও উপজেলা পর্যন্ত ডিজিটাল আলামত বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পুলিশকে আধুনিক পরীক্ষাগার, প্রযুক্তিগত সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে আরও দক্ষ করে তোলার পরিকল্পনা রয়েছে।

সিআইডির বিদ্যমান পরীক্ষাগার সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সিআইডি রাসায়নিক পরীক্ষাগার পরিচালনা করে আসছে। সেখানে বিভিন্ন নমুনা পরীক্ষা ও প্রতিবেদন তৈরির কার্যক্রম আরও সম্প্রসারণ করা জরুরি হয়ে পড়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, অতিরিক্ত মহাপরিদর্শক সরদার নুরুল আমিন এবং কোইকার বাংলাদেশ কার্যালয়ের পরিচালক জি-হুন কিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

শেয়ার করুনঃ
Advertisement