ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা
Published : ১৭:২২, ১৪ অক্টোবর ২০২৬
ভারতজুড়ে ছড়িয়ে পড়া ‘জেন জি’ আন্দোলন মূলত বাংলাদেশের ছাত্রনেতৃত্বাধীন আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ফেসবুক পেজে সংগঠনটির ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক সংহতি বার্তায় এ মন্তব্য করেন তিনি।
নেহা বোরা বলেন, “আমরা জানি, এই দেশে (ভারতে) সর্বত্র যে জেন জি আন্দোলন দেখছি, তার সূত্রপাত হয়েছিল বাংলাদেশে।” বাংলাদেশের তরুণদের উদ্দেশে তিনি বলেন, ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে বাংলাদেশে তরুণদের যে লড়াই, একই ধরনের লড়াইয়ে নেমেছে ভারতের জেন জি ও তরুণ প্রজন্মও।
ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতির সঙ্গে তুলনা টেনে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রমবর্ধমান হুমকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নেহা। ভারতে শিক্ষাব্যবস্থার গেরুয়াকরণের বিরোধিতা করে তিনি সতর্ক করেন, বাংলাদেশেও সমালোচনামূলক চিন্তাভাবনা ও ভিন্নমত প্রকাশের সুযোগ সংকুচিত হচ্ছে।
বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নেহা বোরা দক্ষিণ এশিয়াজুড়ে তরুণদের মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। উন্নততর দক্ষিণ এশিয়া গড়ে তুলতে তরুণদের সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সংহতি বার্তায় তিনি সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টকে জাতীয় সম্মেলনের শুভেচ্ছা জানান। একই সঙ্গে মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে বাংলাদেশের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করেন।
ভারতে জেন জি প্রজন্মের নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের পরিচিত মুখ হয়ে উঠেছেন নেহা বোরা। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে তাঁর সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি ব্যাপক আলোচনায় আসেন।
নাট্যশিল্পী ও সমাজকর্মী নেহা মোদি সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয়। নির্বাচনী সংস্কার, শিক্ষার স্বাধীনতা এবং ভিন্নমতের প্রতি আচরণ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভের প্রেক্ষাপটে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড আলোচনায় এসেছে।
































