দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু, সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন
Published : ১২:৩৩, ১৫ অক্টোবর ২০২৬
শ্রীশ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু হচ্ছে। ছুটির আগে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শেষ কর্মদিবস। আগামী ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত স্কুলের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পৃথক নোটিশে জানানো হয়েছে, দুর্গাপূজা, ২১ অক্টোবর বিজয়া দশমী এবং ২৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে এ ছুটি দেওয়া হচ্ছে। ২৬ অক্টোবর থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শ্রেণি পাঠদানসহ অন্যান্য কার্যক্রম শুরু হবে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ জানিয়েছে, কলেজ শাখার শ্রেণি কার্যক্রম ২৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। ১ নভেম্বর থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠদান শুরু হবে।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত করতে ১৭ অক্টোবর, শনিবার সরকারি অফিস-আদালত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবর, বৃহস্পতিবার এক দিনের সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবরের অনুমোদিত ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি উপভোগ করতে পারবেন।
































