অবৈধ সম্পদ অর্জনের মামলায় সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
Published : ১৫:২৫, ১৫ অক্টোবর ২০২৬
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন।
রায়ে অবৈধভাবে অর্জিত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন আদালত।
সিয়াম সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সংস্থাটির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে। দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন গত বছরের ৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সিয়ামের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে সিয়াম ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেন।
তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। অভিযোগপত্রে সিয়ামের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করা হয়।
গত ১৭ জুন একই আদালত সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে মামলাটিতে ১১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
































