নভেম্বরে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশা

নভেম্বরে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৩, ১৫ অক্টোবর ২০২৬

আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। একই সঙ্গে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং বা রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরুর বিষয়টি তুলে ধরা হয়। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সঙ্গে ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

প্রকল্পের নিরাপত্তা ও প্রযুক্তিগত দিক তুলে ধরে মন্ত্রণালয় জানায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্র তৃতীয় প্রজন্মের একটি আধুনিক পারমাণবিক স্থাপনা। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং বিশেষজ্ঞদের কঠোর তত্ত্বাবধানে প্রকল্পের প্রতিটি ধাপ বাস্তবায়ন করা হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, প্রকল্পটি সঠিক পথেই এগোচ্ছে বলেও বৈঠকে জানানো হয়।

বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতে নিউক্লিয়ার মেডিসিনের সুবিধা জেলা পর্যায়ে সম্প্রসারণ এবং দেশের প্রথম গবেষণা জাহাজ নির্মাণের কাজও চলমান রয়েছে বলে বৈঠকে জানানো হয়।

নির্ধারিত সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে বলে সভায় আশাবাদ প্রকাশ করা হয়।

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) বৈঠকে সভাপতিত্ব করেন। এতে কমিটির সদস্য বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ এ জেড এম রেজওয়ানুল হক, মো. আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কে এম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ ও মো. আবদুল গফুর অংশ নেন।

শেয়ার করুনঃ
Advertisement