ঝিনাইদহে অনলাইন জুয়ার অভিযোগে বাবা-ছেলে আটক, জব্দ কম্পিউটার ও মোবাইল

ঝিনাইদহে অনলাইন জুয়ার অভিযোগে বাবা-ছেলে আটক, জব্দ কম্পিউটার ও মোবাইল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০৩, ১৭ অক্টোবর ২০২৬

ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া খেলার অভিযোগে ফাতিউল আলম (৫৬) ও তাঁর ছেলে আকাশ আলীকে (২৬) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের বাড়ি থেকে কম্পিউটার, মোবাইল ফোনসহ অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামে ফাতিউল আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

শনিবার বিকেল ৩টার দিকে ঝিনাইদহ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটক দুজনকে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে পুলিশ জানিয়েছে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, পদ্মপুকুর গ্রামের একটি বাড়িতে দেশি-বিদেশি বিভিন্ন মাধ্যমে অনলাইন জুয়া খেলার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার অভিযোগে ফাতিউল আলম ও তাঁর বড় ছেলে আকাশ আলীকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ডিবির অভিযান টের পেয়ে ফাতিউল আলমের ছোট ছেলে পলাশ হোসেন পালিয়ে যান। অভিযানে বাড়ির একটি কক্ষ থেকে কম্পিউটার, মোবাইল ফোনসহ অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ওসি শরিফুল ইসলাম বলেন, আটক দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়েরের পর তাঁদের মহেশপুর থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুনঃ
Advertisement