অনলাইন পরিচয় থেকে প্রেম, চীন থেকে মাদারীপুরে তরুণ: বিয়ের আগে চলছে তথ্য যাচাই

অনলাইন পরিচয় থেকে প্রেম, চীন থেকে মাদারীপুরে তরুণ: বিয়ের আগে চলছে তথ্য যাচাই ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:১১, ১৭ অক্টোবর ২০২৬

অনলাইন অ্যাপে পরিচয়, এরপর বন্ধুত্ব থেকে প্রেম। সেই সম্পর্কের টানেই হাজার হাজার মাইল পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশের মাদারীপুরে এসেছেন ওয়াং এরলিং নামে এক যুবক। তাঁকে একনজর দেখতে চাপাতলী গ্রামে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে ‘ওয়ার্ল্ড টক’ অ্যাপের মাধ্যমে ওই গ্রামের মোস্তফা বেপারীর কলেজপড়ুয়া মেয়ে হাফিজা আক্তারের সঙ্গে পরিচয় হয় চীনের হেনান প্রদেশের বাসিন্দা ওয়াং এরলিংয়ের। এরপর নিয়মিত কথাবার্তার মাধ্যমে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন দুজন।

গত ১৫ অক্টোবর চীন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ওয়াং এরলিং। পরে হাফিজার আত্মীয়দের মাধ্যমে তাঁর বোনের বাসায় ওঠেন তিনি। পরদিন তাঁকে হাফিজার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বিদেশি যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়লে তাঁকে দেখতে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়।

ঘটনার খবর পেয়ে হাফিজার বাড়িতে যায় পুলিশ। সেখানে চীনা যুবকের পরিচয় ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। সব তথ্য সঠিক পাওয়া গেলে বিয়ের বিষয়ে এগোতে চান বলে জানিয়েছেন ওয়াং এরলিং। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতেও আগ্রহী বলে জানিয়েছেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

হাফিজা আক্তার বলেন, ওয়াং এরলিংয়ের ছবি দেখে তাঁর ভালো লাগে। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের সম্মতিতে তাঁরা বিয়ে করতে চান। ওয়াং তাঁকে চীনে নিয়ে যাওয়ার কথা বলেছেন এবং তিনিও সেখানে যেতে আগ্রহী।

ওয়াং এরলিং জানান, মুসলিম হতে তাঁর আপত্তি নেই। বাংলাদেশে আসার আগে পরিবারের অনুমতি নিয়েছেন বলেও দাবি করেন তিনি। বিয়ে করে স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজ দেশে ফিরতে চান বলে জানান এই যুবক।

হাফিজার বাবা মোস্তফা বেপারী বলেন, মেয়ে যেখানে সুখে থাকবে, সেখানেই তাঁর বিয়ে দিতে চান। তবে বিয়ের সব আয়োজন সামাজিক রীতি মেনেই করা হবে বলে জানান তিনি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে চীনা যুবকের আসার খবর পেয়ে পুলিশ মেয়েটির বাড়িতে যায়। যুবকটি চীন থেকে এসেছেন কি না, তা যাচাই করতে তাঁর পাসপোর্টসহ প্রয়োজনীয় তথ্য পরীক্ষা করা হয়েছে। তাঁদের বিয়ের সিদ্ধান্ত পারিবারিক বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুনঃ
Advertisement