তাসকিনের বোলিং তোপ সামলে ঘুরে দাঁড়াল জিম্বাবুয়ে, টেলর-আরভিনের শতরানের জুটি

তাসকিনের বোলিং তোপ সামলে ঘুরে দাঁড়াল জিম্বাবুয়ে, টেলর-আরভিনের শতরানের জুটি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৩৭, ১৭ অক্টোবর ২০২৬

ইনিংসের শুরুতেই তাসকিন আহমেদের বোলিং তোপে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। মাত্র ২৪ রানে প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারায় দলটি। তবে অভিজ্ঞ ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিনের দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা।

শনিবার সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।

ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ব্রায়ান বেনেটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাসকিন। এরপর ৪.১ ওভারে একইভাবে ফেরান আরেক ওপেনার বেন কারানকে। সপ্তম ওভারের শেষ বলে দলীয় ২৪ রানে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অভিষিক্ত তাফাদজা সিগা। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৫ বলে ১৬ রান করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

পাওয়ার প্লের ১০ ওভার শেষে ৩ উইকেটে মাত্র ৩০ রান সংগ্রহ করেছিল জিম্বাবুয়ে। এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ দুই ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন।

দুজনের অবিচ্ছিন্ন ১২৫ রানের জুটি জিম্বাবুয়েকে প্রাথমিক বিপর্যয় থেকে বের করে আনে। ১৩৭ বলে গড়া এই জুটিতে দুজনই তুলে নেন অর্ধশতক।

প্রতিবেদন লেখার সময় ৩০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ১৪৯ রান। ব্রেন্ডন টেলর ৭৩ এবং ক্রেগ আরভিন ৫১ রান নিয়ে ব্যাট করছেন।

শেয়ার করুনঃ
Advertisement