গেন্ডারিয়ায় পিস্তল হাতে ইশরাকের অভিযান, ঘটনা খতিয়ে দেখছে ডিএমপি
Published : ১৪:০৪, ১৮ অক্টোবর ২০২৬
রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন বস্তিতে পিস্তল হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের কর্মকাণ্ড খতিয়ে দেখছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় আইনের ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।
ডিবিপ্রধান বলেন, ‘এখনো এটা মূল্যায়নের সময় আসেনি। আপনারা যেটা দেখেছেন, আমরাও দেখেছি। স্থানীয় ডিসিকে বলা হয়েছে, তিনি পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দেবেন। এখানে আইনের কোনো ব্যত্যয় হয়ে থাকলে ডিএমপি অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।’
একজন মন্ত্রী পুলিশের কাজ করতে পারেন কি না—এমন প্রশ্নে মন্তব্য করতে রাজি হননি শফিকুল ইসলাম।
দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা মাঠে রয়েছেন। পর্যাপ্ত পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।



























