হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, দুটি তেলবাহী জাহাজে আগুনের দাবি ইরানের

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, দুটি তেলবাহী জাহাজে আগুনের দাবি ইরানের ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৪:৪৬, ১৮ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত পেয়ে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। জাহাজ দুটির প্রতিটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, প্রথম জাহাজটি মাইনে আঘাত করার পর বিস্ফোরণ ঘটে এবং এতে ভয়াবহ আগুন ধরে যায়। দ্বিতীয় জাহাজটিও মাইনে আঘাতের পর আগুনে পুড়তে থাকে। তবে জাহাজ দুটির নাম ও তেলের উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ইরনার দাবি, জাহাজ দুটি নিজেদের অবস্থান শনাক্তকরণ ও রাডার ব্যবস্থা বন্ধ রেখে ইরানের অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করছিল। আইআরজিসি জানিয়েছে, একটি জাহাজ যুক্তরাষ্ট্রের সহায়তায় হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল। অন্য জাহাজটি চলাচলের অক্ষম হয়ে পড়ে।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেয় তেহরান। এরপর থেকে এই জলপথ দিয়ে চলাচলের আগে সব জাহাজকে ইরানের অনুমতি নিতে হবে বলে দাবি করে আসছে দেশটি। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

চলতি সপ্তাহে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী আজমাই সতর্ক করে বলেন, নেভিগেশন ব্যবস্থা বন্ধ রাখা কোনো জাহাজকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে।

অন্যদিকে, ইরানের তেল রপ্তানি বন্ধ করতে যুক্তরাষ্ট্রও নৌ অবরোধ আরোপ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement