পরীমনির নতুন ভিডিও, দুর্গার সাজে শুভ শক্তির জয় কামনা
Published : ১৪:১২, ১৮ অক্টোবর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি বিকৃত ভিডিও নিয়ে আলোচনার মধ্যে নতুন ভিডিও প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তবে এবারের ভিডিওতে বিতর্কিত কোনো প্রসঙ্গ নয়, বরং শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে দেখা গেছে এই অভিনেত্রীকে। ভিডিওটির সঙ্গে শুভ শক্তির জয় কামনা করে একটি বার্তাও দিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ৫১ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ শক্তির জয় হোক…’।
ভিডিওতে দুর্গাপূজার আবহে দেবীর সাজে অভিনেত্রীর উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। প্রকাশের পরপরই তার ফেসবুক পেজে আসতে শুরু করে বিভিন্ন প্রতিক্রিয়া। অনেকেই পরীমনির সাজ ও অভিব্যক্তির প্রশংসা করেছেন। কেউ তার হাসির প্রশংসা করেছেন, আবার কেউ এই রূপে আরও ছবি ও ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
মন্তব্যের ঘরে অভিনেত্রী হৈমন্তী হৈম লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে।’ এক ভক্ত মন্তব্য করেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে আপনাকে।’ আরেকজন লিখেছেন, ‘এককথায় দারুণ!’ অন্য এক ভক্তের মন্তব্য, ‘দেবীর মতো লাগছে।’ কেউ আবার শুভ দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক, শুভ দুর্গাপূজা।’
এর আগে একটি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে পরীমনির বিকৃত ভিডিও প্রকাশের ঘটনা নিয়ে আলোচনা তৈরি হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে চ্যানেলটিকে দায়ী করেন অভিনেত্রী। পাশাপাশি, একটি ভিডিওর মাধ্যমে নেটিজেনদের আসল ও বিকৃত ভিডিও চেনার উপায়ও তুলে ধরেন তিনি।
এদিকে, কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এর শুটিং শেষ করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব। তবে ওয়েব ফিল্মটির গল্প ও এতে পরীমনির চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।



























