লোহাগাড়ায় ভাড়া বাসার বন্ধ কক্ষ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
Published : ১২:৩৯, ১৮ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি ভাড়া বাসার বন্ধ কক্ষ থেকে জান্নাতুল ফেরদৌস (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকার একটি ভবনের চতুর্থ তলার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুল ফেরদৌস ঢাকার সায়েদাবাদ এলাকার বাবুল ও মাহমুদা আক্তার বিউটির মেয়ে। সে মায়ের সঙ্গে লোহাগাড়ার রশিদার পাড়া এলাকায় বাবর নামের এক ব্যক্তির মালিকানাধীন ভাড়া বাসায় বসবাস করত।
পারিবারিক সূত্রে জানা গেছে, জান্নাতুলের বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর তার মা খাগড়াছড়ির বাসিন্দা বিশাল মাহমুদকে বিয়ে করেন। দ্বিতীয় সংসারে তাঁর আরও একটি কন্যাসন্তান রয়েছে। জান্নাতুলের এক ভাই বাবার সঙ্গে থাকলেও সে মায়ের সঙ্গে লোহাগাড়ায় বসবাস করছিল।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন জানান, ভবনমালিকের কাছ থেকে খবর পেয়ে তিনি পুলিশকে বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে কিশোরীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ভাড়া বাসা থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



























