মোহাম্মদপুরে বিশেষ অভিযানে নারীসহ ১৩ জন গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র ও ৪ ফোন
Published : ১৬:৩৯, ২৪ অক্টোবর ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে নারী, পুরুষ ও কিশোরসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র এবং ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শুক্রবার (২৩ অক্টোবর) মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১০ জনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন শান্ত হোসেন শাহিন (২১), ফাহিমুল হাসান আলিফ (২২), আবির ব্যাপারী শান্ত (২৩), রাজিব (২৫), মো. আরাফাত রহমান (২০), মো. হাসনাইন হাসান (২৬), মো. নাঈম (২৫), নাঈম ওমর (২৩), মো. স্বপন (১৯) ও মোছা. খুশী আক্তার (১৯)। এ ছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত তিন শিশুকেও গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে পুলিশের জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, ১০টি লোহার রড, একটি করাতযুক্ত চাকু এবং ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. হাসনাইন হাসানের বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের বরাতে পুলিশ জানায়, চক্রটির সদস্যরা পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের লক্ষ্য করে ছিনতাই করত। অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র কেড়ে নেওয়া হতো। পাশাপাশি অসতর্কতার সুযোগ নিয়ে নারী পথচারীদের ব্যাগ থেকেও মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী চুরি করত তারা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।


































