জামালপুর সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ
Published : ১৬:২২, ২৪ অক্টোবর ২০২৬
জামালপুরের সীমান্তবর্তী মেকুরআলগা এলাকায় চোরাচালানের মাধ্যমে নৌকায় করে আনা ৪ হাজার ২৭২ মিটার ভারতীয় থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাপড়ের আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ ৬৪ হাজার টাকা। এ সময় কাপড় পরিবহনে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
শুক্রবার রাতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর সাহেবের আলগা বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি জানায় বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের ১০৪৭ নম্বর পিলারসংলগ্ন মেকুরআলগা এলাকায় নৌকাযোগে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের থান কাপড় পাচারের তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। অভিযানে চোরাচালানের উদ্দেশ্যে আনা কাপড় ও তা পরিবহনে ব্যবহৃত নৌকাটি উদ্ধার করা হয়।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় শনিবার সকালে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।





























