মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, পরে হাসপাতালে ভর্তি
Published : ২০:৫৮, ২৪ অক্টোবর ২০২৬
নিজের মৃত্যুর জন্য সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদককে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইউএনওর ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, এসিল্যান্ডের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। পরে অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ‘AC Land Jamalganj’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইউএনওকে দায়ী করে পোস্টটি প্রকাশ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কয়েকজন তাঁর বাসায় যান এবং তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
খোঁজ নিয়ে জানা যায়, আরিফুর রহমান প্রায় দুই মাস আগে জামালগঞ্জ উপজেলায় যোগদান করেন। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে বসবাস করছিলেন।
একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইউএনও শিল্পী রানী মোদক দাবি করেন, এসিল্যান্ড মানসিকভাবে অসুস্থ। তিনি জানান, শুক্রবার রাতে তাঁর তিন বছর বয়সী মেয়ের জন্মদিন উপলক্ষে বাসায় কেক কাটার আয়োজন ছিল। সেখানে এসিল্যান্ডের স্ত্রীও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান থেকে বের হওয়ার পরপরই এসিল্যান্ডের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।
ইউএনওর ভাষ্য অনুযায়ী, পোস্টের খবর ছড়িয়ে পড়ার পর পুলিশসহ কয়েকজন এসিল্যান্ডের বাসায় যান। সেখানে তাঁকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। পরে তাঁর স্ত্রী তাঁকে চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি পরিবারের তত্ত্বাবধানে ঢাকায় রয়েছেন বলে জানান ইউএনও।
শিল্পী রানী মোদক আরও অভিযোগ করেন, ওই রাতে এসিল্যান্ড একজন আনসার সদস্যকে মারধর করেন এবং তাঁর তিন বছর বয়সী মেয়েকে মেরে ফেলার হুমকি দেন। এ ছাড়া রাস্তায় বিভিন্ন ব্যক্তির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ফেসবুক পোস্টে নিজের নাম উল্লেখ করার কারণ নিয়েও প্রশ্ন তোলেন ইউএনও। তিনি বলেন, কেন এসিল্যান্ড তাঁর নাম ব্যবহার করেছেন, তা তিনি বুঝতে পারছেন না।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান গণমাধ্যমকে জানান, পরিবারের কাছ থেকে তাঁরা জেনেছেন, এসিল্যান্ড আগে থেকেই মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। তাঁর স্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, কয়েক দিন আগে জামালগঞ্জে একটি শিশুর মৃত্যু হয়। শিশুটির দেখভালের দায়িত্বে ছিলেন এসিল্যান্ড। ওই ঘটনার পর থেকে তাঁর শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হয়েছে বলে পরিবার জানিয়েছে।
বর্তমানে তিনি পরিবারের তত্ত্বাবধানে রয়েছেন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।






























