রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩৯, ২৫ অক্টোবর ২০২৬

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কচুয়া সরদারপাড়ার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে স্থানীয় বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় চুরির বিষয়টি বুঝতে পারেন তিনি। পরে তাঁর চিৎকারে পাশের মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়া হয়।

মসজিদের মাইকে ঘোষণা শুনে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লি ও স্থানীয় লোকজন অটোরিকশাসহ ওই দুই ব্যক্তিকে ধাওয়া করেন। একপর্যায়ে তাঁরা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন।

পরে ধাওয়া করে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলার একটি ধানক্ষেত থেকে তাঁদের আটক করা হয়। সেখানে স্থানীয় লোকজনের মারধরে দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে অভিযোগকারীদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ
Advertisement