মুকসুদপুরে পিকআপের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু
Published : ১১:৫৫, ২৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে বাবা ও তাঁর ছয় বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের সাইফুল ইসলাম রঞ্জু ও তাঁর ছয় বছর বয়সী মেয়ে সামিরা আক্তার। দুর্ঘটনার সময় তাঁরা দুজনই অটোভ্যানের যাত্রী ছিলেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে আসা মাছবাহী একটি পিকআপ গেড়াখোলা ব্রিজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা বাবা-মেয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতদের মরদেহ মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।































