১০ বছরের ওয়ারেন্টি, তবু কম্প্রেসার বদলাতে অনিশ্চয়তায় স্যামসাং গ্রাহক

১০ বছরের ওয়ারেন্টি, তবু কম্প্রেসার বদলাতে অনিশ্চয়তায় স্যামসাং গ্রাহক ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

Published : ১৫:৫৬, ২৫ নভেম্বর ২০২৬

ফ্রিজের কম্প্রেসারে ১০ বছরের ওয়ারেন্টি থাকলেও সেটি নষ্ট হওয়ার পর সুবিধা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন চট্টগ্রামের এক গ্রাহক। ফ্রিজের গায়ে থাকা স্টিকার ও কম্প্রেসারের সিরিয়াল নম্বরে অমিলের কারণে ওয়ারেন্টি দাবি নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন মো. সাইফুল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের ভোগান্তির কথা তুলে ধরেন তিনি। সাইফুল জানান, ২০২০ সালের আগস্টে চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকার ট্রান্সকম ডিজিটাল থেকে একটি স্যামসাং ফ্রিজ কেনেন। কেনার সময় ফ্রিজটির পার্টস ও সার্ভিসের জন্য দুই বছর এবং কম্প্রেসারের জন্য ১০ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছিল।

তাঁর দাবি, গত ১৩ অক্টোবর ২০২৬ হঠাৎ ফ্রিজটি কাজ করা বন্ধ করে দেয়। এরপর স্যামসাংয়ের কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে ২৪ ঘণ্টার মধ্যে সার্ভিস ইঞ্জিনিয়ার পাঠানোর আশ্বাস দেওয়া হয়। তবে পরে শিডিউল অনুযায়ী ১৮ অক্টোবর ইঞ্জিনিয়ার পাঠানোর কথা জানানো হয়। গ্রাহকের অনুরোধের পর ১৭ অক্টোবর একজন সার্ভিস ইঞ্জিনিয়ার তাঁর বাসায় গিয়ে ফ্রিজটি পরীক্ষা করেন।

সিরিয়াল নম্বরের অমিলে আটকে ওয়ারেন্টি দাবি
সাইফুল ইসলামের ভাষ্য অনুযায়ী, পরীক্ষা শেষে সার্ভিস ইঞ্জিনিয়ার জানান, ফ্রিজের কম্প্রেসারটি নষ্ট হয়ে গেছে। ওয়ারেন্টি দাবির জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখালে সেগুলো ঠিক আছে বলেও জানান তিনি। তবে ফ্রিজের গায়ে লাগানো স্টিকার এবং কম্প্রেসারের গায়ে লেখা সিরিয়াল নম্বরে অমিল পাওয়া যায়।

গ্রাহক জানান, ফ্রিজের গায়ের স্টিকারটি আংশিক ছিঁড়ে যাওয়ায় সেখানে ‘AV80ALR TT3’ লেখা দেখা যাচ্ছে। অন্যদিকে, কম্প্রেসারের গায়ে রয়েছে ‘NC4AV80ALR TT3’ নম্বর। এই পার্থক্যের কারণে তাঁর ওয়ারেন্টি দাবি গ্রহণ করা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সাইফুলের প্রশ্ন, ফ্রিজ কেনার সময় সিরিয়াল নম্বরসংক্রান্ত এমন কোনো শর্ত বা ভবিষ্যতে ওয়ারেন্টি দাবি করতে এ ধরনের জটিলতা হতে পারে—এ বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি। স্টিকার আংশিক ছিঁড়ে যাওয়ার কারণে যদি ওয়ারেন্টি সুবিধা থেকে বঞ্চিত হতে হয়, তাহলে এর দায় গ্রাহককে নিতে হবে কেন?

সমাধান চান গ্রাহক
ফ্রিজের স্টিকার ও কম্প্রেসারের সিরিয়াল নম্বরে অমিল থাকলেই কি ১০ বছরের ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে—এমন প্রশ্ন তুলেছেন সাইফুল ইসলাম। একই সঙ্গে বিষয়টি গ্রাহক হয়রানির শামিল কি না এবং এ পরিস্থিতিতে তাঁর করণীয় কী, সে বিষয়ে পরামর্শ চেয়েছেন তিনি।

এ বিষয়ে স্যামসাং কর্তৃপক্ষ ও ট্রান্সকম ডিজিটালের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদের পরবর্তী সংস্করণে যুক্ত করা হবে।

 
শেয়ার করুনঃ
Advertisement