ডেটিং সাইটে প্রতারণা, ময়মনসিংহে গ্রেপ্তার ৭

ডেটিং সাইটে প্রতারণা, ময়মনসিংহে গ্রেপ্তার ৭ ছবি : সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি

Published : ১৮:৩৯, ২৪ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে ‘মেগা পার্সনাল’ নামের একটি ডেটিং সাইটে নারীদের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় প্রতারণায় ব্যবহৃত তিনটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন এবং নারীদের বিভিন্ন আপত্তিকর ছবি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

এর আগে সোমবার রাতে নগরীর সেনবাড়ি এলাকায় নুরুল হুদার মালিকানাধীন একটি ভবনের ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টাঙ্গাইলের ঘাটাইলের উত্তর লক্ষ্মীন্দরের মনির হোসেন (২৩), বরিশালের মুলাদীর চরকালেখানের মাসুদ আল মাহফুজ (২৫), ময়মনসিংহের ফুলবাড়ীয়ার তানভীর আহমেদ (২৫), জিহুর রহমান জনি (২৭), টাঙ্গাইলের ঘাটাইলের মজনু (২৬), ময়মনসিংহের ফুলবাড়ীয়ার নাঈম মন্ডল (২৪) এবং ফুলপুরের রাকিব (২০)।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ‘মেগা পার্সনাল’ ডেটিং সাইটে নারীদের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। চক্রটি প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে বলে জানান তিনি।

এ চক্রের সঙ্গে কয়েকজন নারীও জড়িত রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাঁদেরও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। পাশাপাশি সাইবার আইনে মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement