লক্ষ্মীপুর আদালতে স্লোগান, আইনজীবীদের প্রতিবাদ
Published : ১৯:৪৮, ২৪ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুর জেলা আদালতে হাজির করার পর কারাগারে ফেরত নেওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন দুই বিএনপিপন্থী আইনজীবী। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আসামিদের প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিলে কিছুক্ষণের জন্য আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিকেলে সংশ্লিষ্ট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী জানান, জামিন শুনানির জন্য ১৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। কারাগারে ফেরত নেওয়ার পথে প্রিজনভ্যানে ওঠার সময় তাঁরা স্লোগান দেন। এ সময় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারী দুই আঙুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের হুমকি দেন বলে তিনি অভিযোগ করেন। এর পরপরই বিএনপিপন্থী আইনজীবীরা প্রতিবাদ মিছিল করেন।
শাকিল পাটওয়ারী আরও জানান, সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী ও রাজু আহমেদকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আদালতে হাজির করা হয়। তাঁদের মধ্যে রাজুকে আদালতের বিচারক মো. ওমর ফারুক জামিন দেন।
এ ছাড়া চন্দ্রগঞ্জ থানায় দায়ের করা বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
অভিযোগের কেন্দ্রে থাকা মনিরুজ্জামান জেলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। জামিন পাওয়া রাজু আহমেদ লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি। এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবাদ মিছিল শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছে। তাঁর অভিযোগ, দলটির নেতাকর্মীরা আবারও ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। জামিনে বের হয়ে তাঁরা আইনজীবীসহ অন্যদের হুমকি দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। এ ছাড়া কিছু আইনজীবী তাঁদের উৎসাহ ও সমর্থন দিচ্ছেন বলে অভিযোগ করেন স্বপন।
































