কিউবার জ্বালানি অবরোধ প্রত্যাহারের আহ্বান ডব্লিউএইচও প্রধানের

কিউবার জ্বালানি অবরোধ প্রত্যাহারের আহ্বান ডব্লিউএইচও প্রধানের ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১১:২৬, ২৫ নভেম্বর ২০২৬

কিউবার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত জ্বালানি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানম গেব্রিয়েসুস। জ্বালানি ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকটে দেশটির একসময়ের প্রশংসিত স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তিন দিনের সফরে কিউবায় গিয়ে মঙ্গলবার তেদরোস বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির শিশুদের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে। সফরকালে তিনি রাজধানী হাভানার কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তাঁর মতে, জ্বালানি সরবরাহে বিধিনিষেধ এবং নিষেধাজ্ঞা আরও কঠোর হওয়ায় কিউবার সাধারণ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে এর বড় ধরনের মূল্য দিতে হচ্ছে।

এদিকে কিউবার জাতীয় টিকাদান কর্মসূচি জোরদার এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য ২০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন ডব্লিউএইচও মহাপরিচালক।

কিউবার ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে এর আগেও একাধিকবার উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি মার্কিন অবরোধকে আন্তর্জাতিক আইন ও কিউবার নাগরিকদের মানবাধিকারের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

কিউবা সরকারের দাবি, মার্কিন বিধিনিষেধের কারণে দেশটিতে প্রতিদিন ২০ ঘণ্টা বা তারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। পাশাপাশি ওষুধ ও অস্ত্রোপচারের সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। শিশু মৃত্যুসহ বিভিন্ন স্বাস্থ্যসূচকেরও অবনতি ঘটেছে।

দেশটির স্বাস্থ্য খাতের প্রয়োজনীয়তা নিয়ে প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেলের সঙ্গে বৈঠক করেন তেদরোস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, জরুরি স্বাস্থ্যসেবা ও সময়সংবেদনশীল চিকিৎসা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তাঁরা একমত হয়েছেন। বিশেষ করে শিশুদের চিকিৎসায় গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এক সংবাদ সম্মেলনে তেদরোস জানান, ২০২০ সালে কিউবার মানুষের গড় আয়ু ছিল ৭৮ দশমিক ৮ বছর। ২০২৫ সালে তা কমে ৭৪ দশমিক ৪ বছরে দাঁড়িয়েছে। ১৯৫০ সালে এ-সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর দেশটিতে গড় আয়ু কমার ঘটনা এটিই প্রথম।

তবে গড় আয়ু কমার এই পরিসংখ্যান চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জ্বালানি অবরোধ এবং কিউবার একাধিক কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আগের।

ওয়াশিংটনের দাবি, কিউবায় রাজনৈতিক পরিবর্তন আনার লক্ষ্যেই জ্বালানি অবরোধ আরোপ করা হয়েছে। তবে খাদ্য ও ওষুধ রপ্তানির ক্ষেত্রে আইনি ছাড় রয়েছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে প্রতি বছর কিউবার ওপর মার্কিন অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়ে আসছে। আইনগতভাবে বাধ্যতামূলক না হলেও প্রস্তাবটি প্রতিবারই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে থাকে।

শেয়ার করুনঃ
Advertisement