কোটি টাকার আয়োজন, অনিশ্চয়তায় দেড় হাজার কর্মীর ভবিষ্যৎ

কোটি টাকার আয়োজন, অনিশ্চয়তায় দেড় হাজার কর্মীর ভবিষ্যৎ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৬, ২৫ নভেম্বর ২০২৬

 বাংলাদেশে ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং (ডব্লিউআরবি) ব্যবসা বিক্রির উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এ উদ্যোগকে কেন্দ্র করে ব্যাংকটির প্রায় দেড় হাজার কর্মকর্তা-কর্মচারীর চাকরি, আর্থিক সুবিধা ও ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্যবসা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর পর কর্মীদের উদ্বেগ বাড়লেও এরই মধ্যে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা, ভয়ভীতি দেখানো, চাকরিচ্যুত করা এবং প্রাপ্য অর্থ পরিশোধ না করার অভিযোগ উঠেছে ব্যাংকটির বিরুদ্ধে। পাশাপাশি ব্যাংকটির সাবেক ৪৬৫ কর্মী শ্রম আইন অনুযায়ী মুনাফার অংশ না পাওয়ার অভিযোগ করেছেন। এসব অভিযোগ পর্যালোচনা করে নির্ধারিত তহবিলে অর্থ জমা ও প্রাপ্য অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

অন্যদিকে, কর্মীদের চাকরির নিশ্চয়তা ও পাওনা নিয়ে উদ্বেগের মধ্যে ব্যাংকটির ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য কনসার্টসহ বিভিন্ন আয়োজনের তথ্য সামনে এসেছে। ব্যাংকটির এমন ব্যয় ও অগ্রাধিকারের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, গ্রাহকদের জন্য বিপণনমূলক আয়োজনের পাশাপাশি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানকে সেবা দেওয়া কর্মীদের অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষাও সমান গুরুত্ব পাওয়া উচিত।

রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির উদ্যোগ
স্ট্যান্ডার্ড চার্টার্ড পিএলসি গত ৮ অক্টোবর বাংলাদেশে তাদের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। বৈশ্বিক ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে আন্তর্জাতিক বাণিজ্য, মূলধন প্রবাহ ও অবকাঠামো অর্থায়নের মতো খাতে বেশি গুরুত্ব দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ব্যাংকটি। তবে সম্ভাব্য হস্তান্তর সম্পন্ন করতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে।

ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনামুল হক জানান, চুক্তি প্রক্রিয়া ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ব্যবসা হস্তান্তরের পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আনুমানিক ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে। এ সময় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং গ্রাহকসেবায় কোনো বিঘ্ন ঘটবে না বলে আশ্বাস দেন তিনি। একই সঙ্গে প্রক্রিয়ায় প্রভাবিত কর্মীদের ন্যায্য, স্বচ্ছ ও পেশাদার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেয় ব্যাংকটি।

ব্যাংকটির রিটেইল ব্যাংকিং ব্যবসার আওতায় ব্যক্তিগত ঋণ, ক্রেডিট কার্ড, আমানত, গৃহঋণ, গাড়ি ঋণ, ইসলামি ব্যাংকিংসহ বিভিন্ন গ্রাহকসেবা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এ ব্যবসায় আমানতের পরিমাণ প্রায় ১৬ হাজার কোটি টাকা এবং ঋণ প্রায় ১০ হাজার কোটি টাকা। ব্যাংকটির মোট কর্মী প্রায় ১ হাজার ৯০০ জন। এর মধ্যে রিটেইল ব্যাংকিং ব্যবসার সঙ্গে যুক্ত প্রায় দেড় হাজার কর্মীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

অধিগ্রহণে আগ্রহী ছয় ব্যাংক
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যাংকিং ব্যবসা অধিগ্রহণে দেশের ছয়টি বেসরকারি ব্যাংক আগ্রহ প্রকাশ করেছে। সম্ভাব্য ক্রেতার তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, পুবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংক।

প্রতিষ্ঠিত গ্রাহকভিত্তি, উচ্চ আয়ের গ্রাহক, বিপুল আমানত এবং শক্তিশালী ক্রেডিট কার্ড ব্যবসার কারণে পোর্টফোলিওটি স্থানীয় ব্যাংকগুলোর কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এর আগে ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকের আগ্রহের বিষয়টি আলোচনায় আসে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কর্মকর্তারা প্রাথমিক বৈঠকের কথা জানালেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন।

অধিগ্রহণের ক্ষেত্রে ব্যবসার মূল্যায়ন, চুক্তির শর্ত এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে হবে। তবে ব্যবসাটি বিক্রি হলে সংশ্লিষ্ট সব কর্মী নতুন ব্যাংকে চাকরি পাবেন কি না, একই পদে বহাল থাকবেন কি না কিংবা কতজনকে পুনর্গঠনের আওতায় আনা হবে—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই।

জোরপূর্বক পদত্যাগ ও হয়রানির অভিযোগ
ব্যবসা বিক্রির উদ্যোগের মধ্যে ব্যাংকটির কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে হয়রানি ও জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে। চাকরি হারানো একাধিক কর্মকর্তার অভিযোগ, ব্যাংকটির ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান আসিফ আজিজ এবং মানবসম্পদ (এইচআর) বিভাগের প্রধান খায়রুন নাহার হকের নেতৃত্বে একটি প্রভাবশালী বলয় তৈরি হয়েছে। এই বলয়ের মাধ্যমে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে দাবি তাঁদের।

ভুক্তভোগীদের ভাষ্য, নির্দিষ্ট কর্মকর্তাদের সভাকক্ষে ডেকে প্রথমে তাঁদের মুঠোফোন কেড়ে নেওয়া হয়। এরপর পদত্যাগপত্রে স্বাক্ষর করতে চাপ দেওয়া হয়। কেউ রাজি না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তার আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়া এবং নারী কেলেঙ্কারিতে ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এসব চাপের মুখে অনেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য হয়েছেন বলে দাবি তাঁদের।

পরে তাঁদের ব্যাংকে প্রবেশ বন্ধ করে দেওয়া হয় এবং পারস্পরিক অবসান চুক্তি বা ‘মিউচুয়াল সেপারেশন এগ্রিমেন্ট’ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন চাকরি হারানো কর্মকর্তারা।

তাঁদের চুক্তিপত্র পর্যালোচনায় প্রায় একই ধরনের শর্ত থাকার বিষয়টি উঠে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এসব শর্তের মধ্যে রয়েছে চাকরির অবসান, গার্ডেন লিভ, আর্থিক নিষ্পত্তি, গোপনীয়তা রক্ষা এবং ভবিষ্যতে ব্যাংকের বিরুদ্ধে কোনো দাবি বা মামলা না করার অঙ্গীকার।

অভিযোগকারীদের দাবি, কর্মীদের স্বাভাবিকভাবে চাকরি ছাড়ার সুযোগ না দিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে বিদায় করা হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

৪৬৫ সাবেক কর্মীর মুনাফার অংশ নিয়ে অভিযোগ
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাবেক ৪৬৫ কর্মীর পক্ষে আবু সাদেক আলম ও শারেকুর রহমান গত ১৯ মে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। তাঁদের অভিযোগ, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রাপ্য মুনাফার অংশ তাঁদের পরিশোধ করা হয়নি।

অভিযোগের পর শুনানি ও নথিপত্র পর্যালোচনা শেষে গত ১৫ অক্টোবর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে প্রয়োজনীয় অর্থ পরিশোধের নির্দেশ দেয় অধিদপ্তর।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের শ্রম পরিদর্শক (সাধারণ) এস এম সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৩৪(খ) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের আগের বছরের নিট মুনাফার ৫ শতাংশ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দিতে হবে।

আইন অনুযায়ী, এ অর্থের ৮০ শতাংশ অংশগ্রহণ তহবিলে এবং বাকি ২০ শতাংশ কল্যাণ তহবিল ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে সমান হারে জমা দেওয়ার বিধান রয়েছে। অংশগ্রহণ তহবিলের অর্থের দুই-তৃতীয়াংশ প্রতিবছর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বণ্টন করা হয়। বাকি এক-তৃতীয়াংশ তাঁদের অবসর তহবিলে জমা থাকে। অধিদপ্তর ব্যাংকটিকে নির্ধারিত অনুপাতে অর্থ পরিশোধ করে লিখিতভাবে অবহিত করার নির্দেশ দিয়েছে।

পাঁচ বছরে নিট মুনাফা ১৩ হাজার কোটি টাকার বেশি
ব্যাংকটির বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নিট মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২১ সালে ব্যাংকটির নিট মুনাফা ছিল ৭৫৮ কোটি টাকা। ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৬৫৫ কোটি টাকা। ২০২৩ সালে নিট মুনাফা হয় ২ হাজার ৩৩৫ কোটি টাকা এবং ২০২৪ সালে ৩ হাজার ৩০০ কোটি টাকা। ২০২৫ সালে ব্যাংকটির নিট মুনাফা ছিল ৩ হাজার ২১৯ কোটি টাকা।

পাঁচ বছরে ব্যাংকটির ঘোষিত নিট মুনাফার যোগফল ১১ হাজার ২৬৭ কোটি টাকা। এত বড় অঙ্কের মুনাফার পরও সাবেক কর্মীদের প্রাপ্য অংশ নিয়ে অভিযোগ ওঠায় শ্রম আইন পরিপালনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অধিদপ্তরের নির্দেশনার পর ব্যাংকটি নির্ধারিত অর্থ পরিশোধ করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

কর্মীদের ২৪ দফা দাবি
রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির উদ্যোগের পর কর্মীদের প্রতিনিধিরা চাকরির নিশ্চয়তা ও আর্থিক সুবিধা সুরক্ষায় ২৪ দফা দাবি জানিয়েছেন। তাঁদের প্রধান দাবি, অন্য কোনো ব্যাংক ব্যবসাটি অধিগ্রহণ করলে সংশ্লিষ্ট কর্মীদের নির্ধারিত অবসর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দিতে হবে। বিক্রির প্রক্রিয়া চলাকালে কাউকে চাকরিচ্যুত করা যাবে না।

এ ছাড়া কর্মীদের নামে থাকা বকেয়া ঋণ ও ক্রেডিট কার্ডের দায় মওকুফের দাবি জানিয়েছেন তাঁরা। পাঁচ বছরের কম সময় চাকরি করা কর্মীদের আইন অনুযায়ী প্রাপ্য গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের অর্থ পরিশোধ, ৫ শতাংশ ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের অর্থ দেওয়া এবং ২০২৬, ২০২৭ ও ২০২৮ সালের পারফরম্যান্স বোনাস নিশ্চিত করার দাবিও রয়েছে।

কর্মীদের অন্য দাবির মধ্যে রয়েছে বৈশাখী বোনাস বহাল রাখা, শ্রম আইন অনুযায়ী দুটি উৎসব বোনাস, ৬০ বছর বয়স পর্যন্ত চিকিৎসা সুবিধা ও বিমা-সুরক্ষা চালু রাখা। একই পদে তিন বছর বা তার বেশি সময় কর্মরত ব্যক্তিদের পদোন্নতি এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ও সরকারি বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয়ের দাবিও জানিয়েছেন তাঁরা।

নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কাজের জন্য শ্রম আইনের ১০৮ ধারা অনুযায়ী দ্বিগুণ হারে ওভারটাইম এবং সাপ্তাহিক ছুটির দিনে কাজের জন্য ক্ষতিপূরণমূলক ভাতা ও ছুটি দেওয়ার দাবিও রয়েছে।

কর্মীদের প্রতিনিধিরা ২৪ দফা দাবি জমা দেওয়ার সাত কার্যদিবসের মধ্যে প্রতিটি বিষয়ে লিখিত জবাব চেয়েছেন। পাশাপাশি রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদের প্রতিনিধিকে পরিচালনা পর্ষদের সভায় আলোচনার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।

বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে ব্যবসা পুনর্বিন্যাস
ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির উদ্যোগ শুধু বাংলাদেশের বাজারকেন্দ্রিক সিদ্ধান্ত নয়। আন্তর্জাতিক বাণিজ্য, করপোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং এবং সম্পদশালী গ্রাহকদের সেবায় বেশি গুরুত্ব দেওয়ার বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে বিভিন্ন দেশে রিটেইল ব্যাংকিং কার্যক্রম পুনর্বিন্যাস করছে প্রতিষ্ঠানটি।

রিটেইল ব্যাংকিং পরিচালনায় প্রযুক্তি, কমপ্লায়েন্স, অর্থ পাচার প্রতিরোধ, শাখা ও কর্মী ব্যবস্থাপনায় তুলনামূলক বেশি ব্যয় হয়। বিপরীতে করপোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিংয়ে বড় অঙ্কের লেনদেন এবং নির্দিষ্ট গ্রাহকভিত্তির মাধ্যমে ব্যবসায়িক দক্ষতা বাড়ানোর সুযোগ রয়েছে।

বাংলাদেশে এর আগে ২০২৫ সালে এইচএসবিসি তাদের রিটেইল ব্যাংকিং ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দেয়। তারও আগে ২০০৫ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংক বাংলাদেশ থেকে তাদের ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেয়। তবে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সম্ভাব্য উদ্যোগের বিশেষত্ব হলো, পুরো ব্যাংকিং কার্যক্রম বন্ধ না করে নির্দিষ্ট ব্যবসা অন্য ব্যাংকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া।

স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছে, রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাইয়ের ঘোষণায় গ্রাহক কিংবা কর্মকর্তা-কর্মচারীদের ওপর তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না। সম্ভাব্য হস্তান্তর প্রক্রিয়া চলাকালেও ব্যাংকটি যথারীতি রিটেইল ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাবে।

ব্যাংকটির ভাষ্য, বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ডের শিকড় ১২০ বছরেরও বেশি সময়ের। দেশের প্রতি তাদের প্রতিশ্রুতি অটুট রয়েছে এবং বর্তমানে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

কর্মীদের অনিশ্চয়তার মধ্যে কনসার্ট আয়োজন
কর্মীদের চাকরি ও ভবিষ্যৎ সুযোগ-সুবিধা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ব্যাংকটির ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য বিশেষ আয়োজনের তথ্যও সামনে এসেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের উদ্যোগে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ‘রুনা লায়লা লাইভ’ শীর্ষক একটি বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছিল।

ব্যাংকটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলা একটি ক্রেডিট কার্ড ক্যাম্পেইনের অংশ ছিল এ আয়োজন। নির্ধারিত সময়ে সর্বোচ্চ খরচকারী শীর্ষ তিন কার্ডধারীকে কনসার্টের কাপল পাস জেতার সুযোগ দেওয়া হয়।

একদিকে গ্রাহকদের জন্য বিশেষ আয়োজন, অন্যদিকে কর্মীদের চাকরি ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিয়ে উদ্বেগ—দুটি বিষয়ই ব্যাংকটির ব্যবসায়িক অগ্রাধিকার ও কর্মী ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

ক্রেডিট কার্ড থেকে অর্থ সরানোর অভিযোগও ছিল
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকদের ক্রেডিট কার্ড থেকে অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। গত বছরের আগস্টের শেষ সপ্তাহে ব্যাংকটির ৫৪ গ্রাহকের কার্ড থেকে প্রায় ২৭ লাখ টাকা প্রতারণার মাধ্যমে সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, গ্রাহকদের কোনো লেনদেন ছাড়াই প্রতিবার ৫০ হাজার টাকা করে বিকাশ ও নগদের হিসাবে স্থানান্তর করা হয়। পরে দ্রুত এসব হিসাব থেকে অর্থ তুলে নেওয়া হয়।

ভুক্তভোগীদের কয়েকজন দাবি করেন, তাঁরা কোনো লেনদেনের অনুমতি দেননি কিংবা ওটিপি কারও সঙ্গে শেয়ার করেননি। তারপরও তাঁদের কার্ড থেকে অর্থ চলে যায়। হাসিন হায়দার নামে এক গ্রাহক সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কার্ড থেকে ৫০ হাজার টাকা বিকাশে চলে যাওয়ার অভিযোগ করেন। আরেক গ্রাহক সাদিয়া শারমিন বৃষ্টি জানান, সাত বছর ধরে কার্ড ব্যবহার করলেও এমন প্রতারণার শিকার তিনি আগে হননি।

ঘটনার পর ব্যাংকটির স্থানীয় ও বৈশ্বিক প্রযুক্তি দল নিরাপত্তা যাচাই করে। ব্যাংকের পক্ষ থেকে তখন জানানো হয়, তাদের সিস্টেমে কোনো ত্রুটি পাওয়া যায়নি। বিষয়টি বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে বলেও জানানো হয়। ব্যাংকটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক লুৎফুল হাবিব জানান, ৫৪ জন গ্রাহক অভিযোগ করেছেন এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হবে।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কার্ড থেকে বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ স্থানান্তরের সুবিধা সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে এসসি মোবাইল অ্যাপের মাধ্যমে বিকাশে অর্থ পাঠানোর সুবিধা চালু রাখার কথা জানায় ব্যাংকটি। তবে সরাসরি এমএফএস অ্যাপ থেকে ‘অ্যাড মানি’ সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

কর্মীদের পাওনা ও চাকরির নিশ্চয়তা নিয়ে প্রশ্ন
সব মিলিয়ে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির উদ্যোগের পাশাপাশি কর্মীদের চাকরির নিশ্চয়তা, শ্রম আইনে প্রাপ্য অর্থ, হয়রানির অভিযোগ এবং গ্রাহকদের অর্থের নিরাপত্তা—স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সামনে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে।

ব্যাংকটির কর্মীরা তাঁদের চাকরির ভবিষ্যৎ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনায় বসতে চাইলেও সাড়া পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। অথচ ব্যাংকটি কোটি কোটি টাকা ব্যয়ে বিভিন্ন কনসার্ট ও প্রচারমূলক আয়োজন করে থাকে—এমন বক্তব্যও সামনে এসেছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান ড. শহিদুল ইসলাম জাহীদ ভিওডি বাংলাকে বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংক যেকোনো অনুষ্ঠান বা কনসার্টে পৃষ্ঠপোষকতা করতেই পারে। কিন্তু একই সঙ্গে বছরের পর বছর প্রতিষ্ঠানটিকে সেবা দিয়ে আসা কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা ও চাকরির নিশ্চয়তার বিষয়টিও অগ্রাধিকার দেওয়া উচিত।

ব্যবসা হস্তান্তরের চূড়ান্ত সিদ্ধান্তের আগে কর্মীদের চাকরি, পাওনা ও ভবিষ্যৎ সুবিধা নিয়ে স্পষ্ট রূপরেখা প্রকাশ করা হবে কি না, সেটিই এখন সংশ্লিষ্টদের প্রধান প্রত্যাশা।

 
শেয়ার করুনঃ
Advertisement