ঈশ্বরদীতে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি, আহত ৫
Published : ১১:৩১, ২৪ নভেম্বর ২০২৬
পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন বলে আহতদের দাবি।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাদিয়া ফেরদৌস জানান, গুলিবিদ্ধ পাঁচজনের প্রত্যেকের পায়ে গুলি লেগেছে। গুলিগুলো শরীরের গভীরে থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেগুলো অপসারণ করা সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


































