কালকিনিতে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও আগুনে আহত ৬
Published : ১০:৫৮, ২৮ নভেম্বর ২০২৬
মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার-সংলগ্ন এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কালকিনি থানার দিকে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে ককটেল নিক্ষেপকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে মাছবাজারসহ আশপাশের এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। নিরাপত্তার আশঙ্কায় সাধারণ মানুষও নিরাপদ স্থানে সরে যান। সংঘর্ষের একপর্যায়ে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
এ ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

































