পটুয়াখালীতে সাবেক জিপি ও আ.লীগ নেতা শাহাবুদ্দিন আহমেদ গ্রেপ্তার

পটুয়াখালীতে সাবেক জিপি ও আ.লীগ নেতা শাহাবুদ্দিন আহমেদ গ্রেপ্তার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:০৪, ২৮ নভেম্বর ২০২৬

পটুয়াখালীর জেলা জজ আদালতের সাবেক গভর্নমেন্ট প্লিডার (জিপি), জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাউফল উপজেলার বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে পটুয়াখালী শহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৮ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। তিনি জানান, বাউফল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার আসামি শাহাবুদ্দিন আহমেদ। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

ওসি আরও জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর জেলা পুলিশের সহায়তায় পটুয়াখালী শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাউফলের বগা ইউনিয়নে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলাটিতে শাহাবুদ্দিন আহমেদ আসামি। বাউফল থানার মামলাটির নম্বর ২৫; এটি ২০২৫ সালের ২৫ জুন দায়ের করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement