গোপালগঞ্জে বন্ধ বিকাশ-নগদের সেবা, ভোগান্তিতে হাজারো গ্রাহক

গোপালগঞ্জে বন্ধ বিকাশ-নগদের সেবা, ভোগান্তিতে হাজারো গ্রাহক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৫৮, ২৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, অধিকাংশ এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন, লেনদেন ও বিল পরিশোধ করতে না পেরে বিপাকে পড়েছেন হাজারো মানুষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায়, বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্ট দোকান বন্ধ রয়েছে। কিছু দোকান খোলা থাকলেও সেখানে লেনদেন হচ্ছে না। একই চিত্র দেখা গেছে জেলা শহরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতে। সেবা নিতে এসে অফিস বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা।

কাস্টমার কেয়ার সেন্টারের সামনে অপেক্ষমাণ গ্রাহক জাবেদ বলেন, সকাল থেকে টাকা পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছেন তিনি। দোকানে গেলে সার্ভার বন্ধ অথবা নগদ টাকা নেই বলে জানানো হচ্ছে। কাস্টমার কেয়ারে এসেও তালাবদ্ধ অফিস পেয়েছেন। জরুরি চিকিৎসার জন্য টাকা পাঠাতে না পেরে বিপাকে পড়েছেন তিনি।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম জানান, বুধবার রাত থেকেই বিকাশে লেনদেন করতে পারছেন না তিনি। কল সেন্টারে যোগাযোগ করেও সুনির্দিষ্ট কোনো তথ্য পাননি। বৃহস্পতিবার দুপুরে তার মোবাইলে একটি বার্তা আসে, যেখানে অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ থাকার কথা জানানো হয়।

নাদিম বলেন, নিয়মিত লেনদেনের জন্য তিনি বিকাশ ব্যবহার করেন এবং প্রয়োজনীয় সব টাকা ওই অ্যাকাউন্টে রয়েছে। কিন্তু সেবা বন্ধ থাকায় নিজের অর্থ ব্যবহার করতে পারছেন না।

ক্ষুদ্র ব্যবসায়ী সাজ্জাদ জানান, তাদের প্রতিদিনের ব্যবসায়িক লেনদেন বিকাশ ও নগদের ওপর নির্ভরশীল। হঠাৎ এজেন্ট অফিস ও দোকান বন্ধ হয়ে যাওয়ায় টাকা ক্যাশ আউট করতে পারছেন না তারা। কিছু নম্বর এখনো সচল থাকায় সেগুলো ব্যবহার করে আপাতত কাজ চালাচ্ছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক বলেন, গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে আবার সেবা চালু হতে পারে বলেও জানান তিনি।

হঠাৎ মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ গ্রাহক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত বিকাশ ও নগদের স্বাভাবিক কার্যক্রম চালু এবং গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা অর্থ ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য ও প্রয়োজনীয় পদক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement