গোপালগঞ্জে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ অনিশ্চয়তায়, বন্ধ ট্রেন ও সরকারি সেবা
Published : ১৪:১২, ২৬ নভেম্বর ২০২৬
সহিংসতায় ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাগুলো আপাতত সংস্কার না করে আগের অবস্থায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বন্ধ রয়েছে ট্রেন চলাচল, স্থগিত আছে উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি বরাদ্দ। এতে গোপালগঞ্জের কয়েকটি উপজেলার সাধারণ মানুষের প্রশাসনিক ও নাগরিক সেবা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলার উন্নয়ন কার্যক্রমের জন্য বরাদ্দ প্রায় ৫০০ কোটি টাকার অর্থও আটকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য সহিংসতা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী এলাকার সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামান সেলিম বলেন, পরিস্থিতি বিবেচনায় সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে। তাঁর ভাষ্য, এসব ব্যবস্থা সাময়িক; পরিস্থিতি স্বাভাবিক হলে সেবা ও উন্নয়ন কার্যক্রম আবার চালু হবে।
তবে রাজনৈতিক সহিংসতার প্রভাব পুরো জেলার সাধারণ মানুষের ওপর পড়া কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো পরিস্থিতিতে প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হলেও শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবারও গোপালগঞ্জে মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা।
সহিংসতায় ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বিবিসি বাংলাকে বলেন, জনসেবা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত সপ্তাহে গোপালগঞ্জে টানা দুই দিনের সহিংসতায় টুঙ্গিপাড়া, কাশিয়ানীসহ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় পুলিশ প্রশাসনের কার্যক্রমও এতে ব্যাহত হয়। সহিংসতার পর টুঙ্গিপাড়া থেকে পুলিশ সদস্যদের এলাকা ছেড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িঘর ছাড়াও টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে থানা দুটির কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির জানান, আপাতত মুকসুদপুর থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত থানা পুনর্গঠন করে কার্যক্রম চালুর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর পদক্ষেপ নিচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে সেখানে থানা পরিচালনার উপযোগী পরিবেশ নেই বলে জানান তিনি।
স্থানীয় সাংবাদিক, রাজনীতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিবিসি বাংলা জানিয়েছে, জেলা সদরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে পুলিশি কার্যক্রম এখনো সীমিত। সাধারণ মানুষও বিভিন্ন প্রয়োজনে প্রশাসনের কাছে যেতে অনীহা দেখাচ্ছেন। স্থানীয় এক সাংবাদিকের ভাষ্য, স্থানীয়দের মধ্যে মারামারির ঘটনা ঘটলেও অনেকে পুলিশ বা প্রশাসনের দ্বারস্থ হতে চাইছেন না।
সহিংসতার পর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জেলার সঙ্গে অন্যান্য এলাকার রেল যোগাযোগও বন্ধ রয়েছে। কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। গোপালগঞ্জের স্টেশন মাস্টার রত্না বৈদ্য জানান, নতুন করে ট্রেন চালুর সিদ্ধান্ত হলে তাঁকে জানানো হবে।
সরকারি সেবা ও বরাদ্দ স্থগিত রাখার বিষয়ে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, সরকারি স্থাপনাগুলোতে হামলার কারণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তাঁর মতে, ট্রেন ও স্টেশনে বড় ধরনের ঘটনা ঘটলে ব্যাপক ক্ষতি হতে পারে এবং জনগণই বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই সাময়িকভাবে রেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত যথাযথ।
স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে। পাশাপাশি দলটির সভানেত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার কর্মসূচি ঘোষণা করেছেন। এসব ঘটনাকে কেন্দ্র করে নতুন করে সহিংসতার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহল। তাদের আশঙ্কা, আবারও হামলা হলে সরকারি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে। এ কারণেই ক্ষতিগ্রস্ত থানা ভবনসহ বিভিন্ন স্থাপনার সংস্কারকাজ আপাতত শুরু করা হচ্ছে না।
তবে রাজনৈতিক সহিংসতার কারণে একটি জেলার থানা, ট্রেন, বিশ্ববিদ্যালয়, সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম বন্ধ রাখা বৈষম্যমূলক বা আক্রোশমূলক কি না, সেই প্রশ্নও উঠেছে। সেলিমুজ্জামান সেলিম এ অভিযোগ নাকচ করে বলেন, জনস্বার্থ বিবেচনায় সরকার সাময়িক ব্যবস্থা নিয়েছে এবং এটি জেলার জন্য ভালো সিদ্ধান্ত।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মনে করেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে সরকার এক ধরনের দ্বিধার মধ্যে রয়েছে এবং বলপ্রয়োগ না করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে তিনি সতর্ক করে বলেন, প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সেবা সাময়িকভাবে বন্ধ থাকলেও এর ক্ষতি সাধারণ মানুষকেই বহন করতে হয়। সহিংসতা নিয়ন্ত্রণের নামে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যাতে মানুষের নাগরিক অধিকার খর্ব হয়।

































