সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদণ্ড, বাবরসহ খালাস ৯
Published : ১৮:১৭, ২৫ জুন ২০২৬
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টার মামলায় একজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ জি কে গউছসহ ৯ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন জানান, মামলার ১০ আসামির মধ্যে হাফিজ নাইম নামে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর ৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। হামলায় যুবলীগের এক কর্মী নিহত হন এবং অন্তত ২৯ জন আহত হন।
ঘটনার পর সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে ২০২০ সালের ২২ অক্টোবর মামলাটিতে লুৎফুজ্জামান বাবর, তৎকালীন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
রায় ঘোষণার পর খালাসপ্রাপ্ত নেতারা সন্তোষ প্রকাশ করেন। তারা আদালতের এ সিদ্ধান্তকে ন্যায়বিচারের প্রতিফলন বলে উল্লেখ করেন এবং দাবি করেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির হাতিয়ার হিসেবেই এ মামলা ব্যবহার করা হয়েছে।

































