ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রতিভাবান ফুটবলারের মৃত্যু

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রতিভাবান ফুটবলারের মৃত্যু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:২৩, ২৭ জুন ২০২৬

ভেনেজুয়েলায় সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন দেশটির অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার ইয়িমভার্ট বেরোরতেরান। গত বুধবার (২৪ জুন) উত্তরাঞ্চলে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের পর থেকে নিখোঁজ থাকা ১৮ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন (এফভিএফ)।

সরকারি তথ্য অনুযায়ী, এ দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ৯২০ জন নিহত এবং প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ইয়িমভার্ট ভেনেজুয়েলার অন্যতম সম্ভাবনাময় তরুণ ফুটবলার ছিলেন। ক্লাব পর্যায়ে ইউনিভার্সিদাদ সেন্ট্রাল দে ভেনেজুয়েলার হয়ে প্রথম বিভাগে অভিষেকের পর তিনটি ম্যাচ খেলেছিলেন। পেশাদার ফুটবলে নিজের অবস্থান শক্ত করার আগেই দুর্ঘটনায় তার জীবনাবসান ঘটে।

এক শোকবার্তায় এফভিএফ জানায়, ‘আজ ভেনেজুয়েলার ফুটবল গভীর শোকের সঙ্গে এমন একজন তরুণকে বিদায় জানাচ্ছে, যিনি গর্ব, নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। তার মৃত্যু ভিনোটিন্টো পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।’

ফেডারেশন আরও জানায়, এই কঠিন সময়ে তারা ইয়িমভার্টের পরিবার, বন্ধু, সতীর্থ, কোচিং স্টাফ এবং স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

ইয়িমভার্টের ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রাল দে ভেনেজুয়েলাও শোক প্রকাশ করে জানিয়েছে, ‘তুমি ছিলে একজন সত্যিকারের যোদ্ধা। তুমি সবসময় আমাদের স্মৃতিতে বেঁচে থাকবে।’

এফভিএফ আরও জানায়, ভূমিকম্পে আরও কয়েকজন ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন কারাকাস এফসির অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় রজান সিজা, মারিটিমো লা গুয়াইরার ফুটবলার রিকার্দো ভেলোজ, জাতীয় বিচ সকার দলের সাবেক কোচিং স্টাফ সদস্য হোসে মিগেল সান্তানা এবং ক্লাব স্পোর্ট সান আগুস্তিনের ১৪ বছর বয়সী খেলোয়াড় ভিক্টর আন্দ্রেস পালাসিওস লেদেসমা।

তবে এই বিপর্যয়ের মধ্যেও কিছু স্বস্তির খবর মিলেছে। এডউইন পেরেজা, ভ্যালেরি গিল, এডেরসন রামোস, ব্রেইনেলিস মেন্ডোজা, ফাউস্তো এসকোবার, লুইস ওভালেস, এলিয়াস মার্টিনেজ, রুবেন রোভাইনা এবং মাইনেল রন্দোনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তারা বর্তমানে নিরাপদে আছেন।

শেয়ার করুনঃ
Advertisement