চার কার্যদিবসে হাইকোর্টে নিষ্পত্তি ২০ হাজারের বেশি পুরোনো মামলা
Published : ১০:৩৭, ২৪ জুন ২০২৬
আদালতে মামলার জট কমানো এবং বিচারপ্রক্রিয়ার গতি বাড়াতে নেওয়া বিশেষ উদ্যোগের অংশ হিসেবে মাত্র চার কার্যদিবসে হাইকোর্ট বিভাগে ২০ হাজার ৭৪০টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশনায় পরিচালিত এ কার্যক্রমকে বিচার ব্যবস্থার জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে প্রধান বিচারপতির গৃহীত পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মামলা জট নিরসনে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সুপ্রিম কোর্টের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলেও জানান তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়ে তিনি ইতোমধ্যে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করে কয়েকটি সুপারিশ তুলে ধরেছেন। পাশাপাশি দ্রুত নিষ্পত্তিযোগ্য প্রায় ১ হাজার ৪০০ মামলার তালিকাও সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলাগুলোকে অগ্রাধিকার দিয়ে গত ৭ মে থেকে বিশেষ কার্যক্রম শুরু করা হয়। প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে এসব মামলার শুনানি ও নিষ্পত্তির ব্যবস্থা করা হচ্ছে।
তথ্য অনুযায়ী, ৭ মে হাইকোর্টের ক্রিমিনাল মোশন বেঞ্চে ৩ হাজার ২৪৭টি এবং রিট মোশন বেঞ্চে ১ হাজার ৭৬৫টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়।
১৪ মে ক্রিমিনাল মোশন বেঞ্চে ৩ হাজার ৮৪২টি এবং রিট মোশন বেঞ্চে ৩ হাজার ২৬২টি মামলা নিষ্পত্তি করা হয়।
এছাড়া ১১ জুন হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৬ হাজার ১৯৯টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়।
সর্বশেষ ১৮ জুন ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে ১ হাজার ৮৮৪টি এবং রিট মোশন বেঞ্চগুলোতে ৫৪১টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত চার কার্যদিবসে মোট ১৫ হাজার ১৭২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৫ হাজার ৫৬৮টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে হাইকোর্টে ২০ হাজার ৭৪০টি পুরোনো মামলা নিষ্পত্তির নজির স্থাপিত হয়েছে, যা মামলা জট কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

































