ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল
Published : ২০:২৬, ২৭ জুন ২০২৬
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে পাঠদান করতে দেখা গেছে। সম্প্রতি প্রকাশিত একাধিক ইউটিউব ভিডিওতে তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করছেন বলে দেখা যায়।
ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ (Tripura Santiniketan Medical College) নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওগুলোতে ডা. প্রাণ গোপাল দত্তকে ক্লাস নিতে দেখা গেছে। তবে তিনি ঠিক কবে থেকে ওই প্রতিষ্ঠানে পাঠদান করছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ভিডিওতে দেখা যায়, তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে চিকিৎসাবিজ্ঞান-সংক্রান্ত বিষয়ে বক্তব্য দিচ্ছেন। তাঁর পেছনে থাকা ডিজিটাল ডিসপ্লেতে বিভিন্ন চিকিৎসাবিষয়ক তথ্য প্রদর্শিত হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নাক, কান ও গলা (ইএনটি) বিষয়ে একটি ক্লাস পরিচালনা করছিলেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের মতো ডা. প্রাণ গোপাল দত্তও জনসমক্ষে অনুপস্থিত ছিলেন। দীর্ঘদিন তাঁর অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া না গেলেও, সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর তিনি ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।
ডা. প্রাণ গোপাল দত্ত একজন নাক, কান ও গলা (ইএনটি) বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য। ২০১২ সালে তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন। পরবর্তীতে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনয়নে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন


































