মার্চের শুরুতেই রেমিট্যান্স এলো ৫৭ কোটি ডলার
Published : ১২:১৬, ৫ মার্চ ২০২৬
চলতি বছরের মার্চ মাসের প্রথম তিন দিনেই দেশে এসেছে বিপুল পরিমাণ প্রবাসী আয়। এ সময়ে মোট ৫৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে প্রবাহিত হয়েছে। অর্থাৎ এই তিন দিনের গড় হিসাব অনুযায়ী প্রতিদিন প্রায় ১৯ কোটি ১৭ লাখ ডলার করে রেমিট্যান্স এসেছে দেশে।
বুধবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক–এর মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছর একই সময়ে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
আরিফ হোসেন খান আরও বলেন, চলতি ২০২৪–২৫ অর্থবছরের জুলাই মাস থেকে শুরু করে ৩ মার্চ পর্যন্ত মোট ২ হাজার ৩০২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২২ দশমিক ৬০ শতাংশ বেশি।
এর আগে গত ফেব্রুয়ারি মাসেও রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য। ওই মাসে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন মোট ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
এদিকে পুরো ২০২৪–২৫ অর্থবছর জুড়েই প্রবাসী আয়ের প্রবাহ ছিল রেকর্ড পরিমাণ। এ সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে এটিই সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
বিডি/এএন



































