রিফাইনারি নির্মাণে সরকারি অনুমোদন নেই, যন্ত্রপাতি আমদানির তথ্যও দেয়নি বিপিসিকে
Published : ১৫:১৯, ১৩ নভেম্বর ২০২৬
চট্টগ্রামের কর্ণফুলীতে সরকারি অনুমোদন ছাড়াই সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (এসপিএল) রিফাইনারি নির্মাণ করছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) গঠিত তদন্ত কমিটি। শুধু রিফাইনারি নির্মাণ নয়, প্রকল্পের জন্য আমদানি করা বিপুল পরিমাণ মূলধনী যন্ত্রপাতি ও মেশিনারিজের ক্ষেত্রেও বিপিসির অনুমোদন নেওয়া হয়নি। এমনকি নীতিমালার নির্ধারিত কাঠামোর বাইরে কারখানাটির বিভিন্ন ইউনিট স্থাপনের বিষয়টিও তদন্ত প্রতিবেদনে উঠে আসতে পারে।
‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’-এর ৭.১ ধারায় সরকারের অনুমোদন ছাড়া রিফাইনারি স্থাপনে নিষেধাজ্ঞা রয়েছে। তবে এই বিধান অনুসরণ না করেই কর্ণফুলীতে এসপিএলের রিফাইনারি প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি।
বুধবার সন্ধ্যায় প্ল্যান্ট পরিদর্শনের পর বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মোহাম্মদ জাহিদ হোসাইন। তিনি বিপিসির গঠিত সাত সদস্যের সুপারিশ কমিটির প্রধান।
জাহিদ হোসাইন বলেন, সরকারি অনুমোদন না থাকলেও এসপিএলের রিফাইনারি নির্মাণের কাজ চলছে। প্রকল্প এলাকায় কিছু উন্নয়নকাজ হয়েছে এবং নতুন ট্যাংক নির্মাণ করা হচ্ছে। প্রতিষ্ঠানটি যে ক্রুড প্ল্যান্ট নির্মাণ করছে, সেটিও কমিটি পরিদর্শন করেছে। প্ল্যান্ট-সংক্রান্ত কিছু নথি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এসপিএল শেষ পর্যন্ত যত নথি জমা দেবে, প্রতিবেদনে ততটুকুই উল্লেখ করা হবে। নীতিমালার বাইরে গিয়ে ইউনিট-২ ও ইউনিট-৩ নির্মাণের বিষয়টিও প্রতিবেদনে অন্তর্ভুক্ত হতে পারে।
প্রকল্পের জন্য বিপিসির অনুমোদন ছাড়া কীভাবে বিপুল পরিমাণ মূলধনী যন্ত্রপাতি আমদানি করা হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিটির প্রধান বলেন, মূলধনী যন্ত্রপাতি ও অন্যান্য মেশিনারিজ আমদানির বিষয়ে এসপিএল বিপিসির কাছে কোনো অনুমোদন চায়নি।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিপিসির সচিব শাহিনা সুলতানা অফিস আদেশের মাধ্যমে সাত সদস্যের এই কমিটি গঠন করেন। তিন দিনের মধ্যে এসপিএলের রিফাইনারির উৎপাদন কার্যক্রম পরিচালনার অনুমোদনের বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়।
তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছেন কমিটির প্রধান। তাঁর ভাষ্য, কমিটি মাত্র প্ল্যান্ট পরিদর্শন করে এসেছে। প্রতিষ্ঠানটির কাছে আরও কিছু বিষয়ে তথ্য জানতে চাওয়া হতে পারে। কমিটির অন্য সদস্যরা বিষয়গুলো পর্যালোচনা করে প্রতিবেদন তৈরির আগে সেগুলো নিয়ে আলোচনা করবেন।
বুধবারের পরিদর্শন সম্পর্কে জাহিদ হোসাইন জানান, কমিটির সদস্যরা তিন ঘণ্টার বেশি সময় প্ল্যান্ট এলাকায় অবস্থান করে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেছেন। তবে ওই সময় রিফাইনারির প্রকৃত কারিগরি সক্ষমতা যাচাই করা হয়নি।
তিনি বলেন, কমিটি প্রতিটি মেশিনারিজ বা প্ল্যান্ট চালু করে পরীক্ষা করেনি। এ ধরনের পরীক্ষা কারিগরি কমিটি করবে। তারা প্ল্যান্টের ইনপুট ও আউটপুট সঠিকভাবে হচ্ছে কি না, সেটিও যাচাই করবে। উৎপাদন কার্যক্রমের চূড়ান্ত অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
এদিকে কারিগরি সক্ষমতা যাচাইয়ের আগেই একটি রিফাইনারিকে উৎপাদন শুরুর অনুমোদনের সুপারিশ করার প্রক্রিয়া নিয়ে জ্বালানি খাতে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা, কারিগরি সক্ষমতা ও পরিবেশগত ঝুঁকি যথাযথভাবে যাচাই না করে অনুমোদনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হলে তা দেশের জ্বালানি নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
একটি রিফাইনারি স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সরকারি সংস্থার ৩০টির বেশি অনুমোদন ও ছাড়পত্র প্রয়োজন। এর মধ্যে রয়েছে বিপিসি ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লে-আউট ও নিরাপত্তা অনুমোদন।
এ ছাড়া আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের বিশেষ পারমিট, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স ও ভ্যাট নিবন্ধনসহ আরও বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়।
অভিযোগ উঠেছে, এসপিএলের রিফাইনারি স্থাপনের ক্ষেত্রে এসব বাধ্যতামূলক অনুমোদন ও ছাড়পত্র গ্রহণের প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। বিশেষ করে বিপুল পরিমাণ মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে বিপিসির অনুমোদন না নেওয়ার বিষয়টি সামনে এসেছে। এসব আমদানিতে শুল্ক ফাঁকি হয়েছে কি না, কিংবা যন্ত্রপাতির ঘোষণার আড়ালে অন্য কোনো পণ্য আমদানি করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ তদন্ত ও যাচাই প্রয়োজন।
এমন পরিস্থিতির মধ্যেই এসপিএল বছরে চার লাখ টন লাইট ক্রুড এবং আট লাখ টন হেভি ক্রুড—মোট ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন চেয়ে বিপিসির কাছে আবেদন করেছে। অনুমোদনসংক্রান্ত প্রশ্নের নিষ্পত্তি না হওয়া অবস্থায় রিফাইনারি স্থাপন ও বিপুল পরিমাণ ক্রুড আমদানির এই উদ্যোগ জ্বালানি খাতে উদ্বেগ তৈরি করেছে।
খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, একটি রিফাইনারি স্থাপন ও পরিচালনার আগে সরকারি অনুমোদন, কারিগরি সক্ষমতা, নিরাপত্তা এবং পরিবেশগত প্রভাব যাচাই করা অত্যন্ত জরুরি। এসব প্রক্রিয়া সম্পন্ন না করে প্রকল্পটিকে উৎপাদনের অনুমোদন দেওয়ার উদ্যোগ নেওয়া হলে তা নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতাকে আরও স্পষ্ট করতে পারে।
তাঁদের মতে, আমদানি করা যন্ত্রপাতি, প্রকল্পের নির্মাণকাজ এবং সংশ্লিষ্ট অনুমোদনগুলোর বিষয়ে পূর্ণাঙ্গ যাচাইসহ উচ্চপর্যায়ের তদন্ত প্রয়োজন। যথাযথ তদারকি ও নিরাপত্তা নিশ্চিত না করে অনুমোদনহীন রিফাইনারিকে উৎপাদনের সুযোগ দেওয়া হলে দেশের জ্বালানি নিরাপত্তার ওপর দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি হতে পারে।

































