টিআরপির জন্য কাজ করা ব্যক্তিদের উদ্দেশে অনন্ত জলিলের বার্তা

টিআরপির জন্য কাজ করা ব্যক্তিদের উদ্দেশে অনন্ত জলিলের বার্তা ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৬:৪৩, ১৩ নভেম্বর ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী এমএ জলিল অনন্ত। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে দেওয়া ওই পোস্টে দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি টিআরপির জন্য কাজ করা ব্যক্তিদের উদ্দেশেও মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসের শুরুতে পবিত্র কুরআনের দুটি আয়াত ও তার অর্থ উল্লেখ করেন অনন্ত জলিল। প্রথমে লেখেন, “ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।” এর অর্থ, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি।’

এরপর তিনি উল্লেখ করেন, “হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।” এর অর্থ, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।’

যারা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জন্য দোয়া করেছেন এবং ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনন্ত লেখেন, “যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন, তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।”

অন্যদিকে, টিআরপির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ করা ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি—যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন। আমিন।”

অনন্ত জলিলের ওই স্ট্যাটাসে ভক্ত ও অনুসারীরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। এস এম মাসুম বাবুল নামে একজন মন্তব্যে লেখেন, “ধৈর্য ধরুন ভাই, আপনার সঙ্গে মানুষের অনেক দোয়া ও ভালোবাসা আছে। আল্লাহ ভরসা, আল্লাহ আপনাকে অবশ্যই ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেবেন। আমিন।”

উল্লেখ্য, অনন্ত জলিল এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান। সম্প্রতি তাঁর ও তাঁর স্ত্রী খাদিজা পারভীনের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি প্রত্যাখ্যাত হয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে ব্যাংকটি নোটিশ পাঠায়।

শেয়ার করুনঃ
Advertisement