বর্ণিল আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর, চ্যাম্পিয়ন ইউল্যাব

বর্ণিল আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর, চ্যাম্পিয়ন ইউল্যাব ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:১২, ১৪ নভেম্বর ২০২৬

রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ, দর্শকদের উচ্ছ্বাস এবং জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতা ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। শুক্রবার (১৩ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

শিরোপার লড়াইয়ে দুই দলের খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য, দলীয় সমন্বয় এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা ফাইনাল ম্যাচকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে। টুর্নামেন্টজুড়ে অপরাজিত থাকা দুই দলের শিরোপা নির্ধারণী ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াপ্রেমী ও আমন্ত্রিত অতিথিরা। গ্যালারিতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, করতালি ও নিজ নিজ দলের পক্ষে স্লোগানে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।

ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান ঘিরে এবিজি স্পোর্টস সিটি পরিণত হয় এক মিলনমেলায়। ফ্লাডলাইটের আলোয় খেলা উপভোগ করতে গ্যালারিতে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। মাঠের লড়াইয়ের পাশাপাশি দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনের আনন্দ ও উত্তেজনা বাড়িয়ে দেয়।

খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর রাইডার্সের পরিচালক শেজাদ আকবর সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার ও দেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন, নিয়ামুর রশিদ রাহুল, সানোয়ার হোসেন ও হালিম শাহ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মোহাম্মদ ইমরুল হাসান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া ও মাহবুবুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল এবং প্রাইজমানির চেক তুলে দেন।

টুর্নামেন্টে দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। পুরস্কারের তালিকায়—

চ্যাম্পিয়ন: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)

রানার্সআপ: সোনারগাঁও ইউনিভার্সিটি

ফাইনালের ম্যাচসেরা: ফারহান জানি (ইউল্যাব)

টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান: জাকিরুল আহমেদ জেম (ইউল্যাব)

টুর্নামেন্টের সেরা বোলার: এম এইচ রাকিব (ইউল্যাব)

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: জাকিরুল আহমেদ জেম (ইউল্যাব)

ফ্যান কাপ: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেটের প্রসার, তরুণ ও উদীয়মান প্রতিভা অন্বেষণ এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। আনভীর বসুন্ধরা গ্রুপের সার্বিক উদ্যোগে এবং এবিজি স্পোর্টস সিটির ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতা তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। তাদের প্রত্যাশা, এ উদ্যোগ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেটের বিকাশের পাশাপাশি নতুন খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।

তারুণ্য ও ক্রীড়ার বিকাশে বসুন্ধরা গ্রুপের উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রিকেটে নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি করেছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দিকনির্দেশনা এবং এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে এবিজি স্পোর্টস সিটি ও আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেশের তরুণ ও শিক্ষার্থীদের জন্য উন্নত ক্রীড়া অবকাঠামো ব্যবহারের সুযোগ তৈরি করছে।

আয়োজকদের মতে, করপোরেট উদ্যোগে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, প্রতিভা অন্বেষণ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এ ধরনের প্রচেষ্টা দেশের ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

শেয়ার করুনঃ
Advertisement